Barak UpdatesHappeningsBreaking News
কাশ্মীর : প্রধানমন্ত্রীকে বিজেপি লিগ্যাল ও লেজিসলেটিভ সেলের স্মারকলিপি

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল: বুধবার শিলচর বিজেপি জেলা কার্যালয়ে বিজেপি লিগ্যাল ও লেজিসলেটিভ সেল, কাছাড় জেলা কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যরা জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সংঘটিত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সভার শুরুতেই এই বর্বরোচিত হামলায় শহিদ হওয়া নিরপরাধ সাধারণ মানুষ ও নিরাপত্তা কর্মীদের স্মৃতিতে দুই মিনিট নীরবতা পালন করা হয়।
সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুসারে সভা শেষে একটি স্মারকলিপি কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দফৈ পাঠানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, যদি এই হামলায় নিহত বা আহতদের মধ্যে কেউ অসমের বাসিন্দা হন, তাহলে তাঁদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ, আত্মীয়স্বজনদের কর্মসংস্থানের সুযোগ এবং সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্তদের জন্য প্রচলিত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন ধর্মীয় ও পর্যটনকেন্দ্রে যাতায়াতকারী অসম ও উত্তর-পূর্বাঞ্চলের তীর্থযাত্রীদের নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ জানাতে অনুরোধ জানানো হয়েছে।
সভায় বক্তারা বলেন, পহেলগাঁওয়ের এই জঘন্য হামলা ভারতীয় গণতন্ত্র, সংবিধান ও মানবিক মূল্যবোধের উপর এক নির্মম আঘাত। এই ধরনের অপশক্তির মোকাবিলায় আইন ও সংবিধানের পথেই লড়াই চালিয়ে যেতে হবে । শহিদদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়, এই লক্ষ্যে বিজেপি লিগ্যাল সেলের সদস্যরা দৃঢ়প্রতিজ্ঞ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সেলের কনভেনার ধর্মানন্দ দেব, চামেলি পাল, সুস্মিতা পুরকায়স্থ, রঞ্জু দেব, সীমা চক্রবর্তী, পঞ্চমী নাথ, বৈশালি ভাওয়েল, শর্মিলা চক্রবর্তী, প্রসেনজিত ভট্টাচার্য, অমলাভ দাস, রঞ্জিতা সিংহ, প্রসেনজিত দাস ও জয়ন্ত দত্ত।

কনভেনার ধর্মানন্দ দেব বলেন, “এই হামলার ঘটনা শুধু সন্ত্রাসবাদ নয়, এটি মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে এক গুরুতর চ্যালেঞ্জ। আমরা আইনজীবী হিসেবে এবং সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও সাংবিধানিক পন্থায় সংগ্রাম চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।”



