Barak UpdatesHappeningsBreaking News
কাটিগড়ার ভোটার হলেন কমলাক্ষ

ওয়েটুবরাক, ১১ ফেব্রুয়ারি: উত্তর করিমগঞ্জের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওই আসনের তিনবারের বিধায়ক বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কাটিগড়ার ভোটার হলেন। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার মণিপুর এলপি স্কুল ভোট কেন্দ্রে নিজের নাম তুললেন তিনি।
এ নিয়ে কাছাড়ে তেমন প্রতিক্রিয়া দেখা না গেলেও শ্রীভূমি জেলায় তাঁকে নিয়ে সমাজ মাধ্যমে পক্ষে বিপক্ষে ব্যাপক লেখালেখি চলছে। কেউ বলছেন, একজন ভালো নেতা হারাল শ্রীভূমি। অনেকে আবার উল্টো কথা বলে তিনি কাটিগড়ায় দাঁড়িয়ে হেরে যাবেন, এমন ভবিষ্যদ্বাণীও করছেন।
তবে কমলাক্ষ নিজের নাম সরিয়ে আনলেও তাঁর পরিবারের সদস্যরা রয়ে গিয়েছেন পুরনো ভোটকেন্দ্রেই।
কমলাক্ষ অবশ্য অনেক দিন ধরে কাটিগড়ায় কাজ করে চলেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বহু প্রশাসনিক ও রাজনৈতিক কাজে কাছাড় জেলার ওই অঞ্চলে তাঁকেই এগিয়ে দিচ্ছেন। তবে ভোটের দুমাস আগেও বিজেপি কেন তাঁকে দলে নিচ্ছে না, এ এক রহস্যময় ব্যাপার।



