Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজের গণিত বিভাগে বক্তৃতানুষ্ঠান

ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর: সোমবার, কাছাড় কলেজের গণিত বিভাগের উদ্যোগে এক বক্তৃতাসভার আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল ‘ ইনট্রুডাকশন টু লিমিট অ্যান্ড কন্টিন্যুইটি অফ ফাংশনস’। মুখ্য আমন্ত্রিত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক উদয় শঙ্কর চক্রবর্তী। প্রথম পর্বে উদ্বোধনী অধিবেশন এবং দ্বিতীয় পর্বে ছিল ব্যবহারিক অধিবেশন।
উদ্বোধনী পর্বে প্রফেসর উদয় শঙ্কর চক্রবর্তী আক্ষেপ ব্যক্ত করেন যে, বর্তমানে শিক্ষার্থীরা প্রায়োগিক গণিতচর্চায় আগ্রহ দেখালেও মূল গণিত চর্চা ও গবেষণার বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে। ব্যবহারিক অধিবেশনে তিনি বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা হাতে-কলমে সমাধান করে দেখিয়েছেন।
গণিত ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে সরস্বতী বন্দনার মধ্য দিয়ে এ দিন অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রধান ড. অভিনয় পাল। কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ তাঁর বক্তৃতায় গণিত বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানান। কলেজের উপাধ্যক্ষ মহম্মদ সামসুদ্দিন তাঁর বক্তব্যে প্রাচীন ভারতের গণিতচর্চার ঐতিহ্য ও পরম্পরার বিষয়টি তুলে ধরেন। পরিসংখ্যান বিভাগের লেকচারার মনীষ পান্ডে বলেন, প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ আর্যভট্ট পাই-এর মান নির্ণয় ও শূন্যের ব্যবহার পদ্ধতি উদ্ভাবন করে বিশ্বের গণিতচর্চার ইতিহাসে চিরস্থায়ী অবদান রেখে গেছেন।
বাংলা বিভাগের প্রধান ড. সুদীপ কুমার দাস তাঁর বক্তৃতায় দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার ও প্রয়োগের দিকটি আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের অধ্যাপিকা ড. পিয়ালি দেবনাথ। প্রথম অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. পার্থজিৎ ভাওয়াল ও দ্বিতীয় অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন মনীষ পাণ্ডে।
গণিত ও পরিসংখ্যান বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রীদের সঙ্গে বিজ্ঞান বিভাগের বিভিন্ন শাখার শিক্ষার্থীরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সুচরিতা চৌধুরী, ড. সোমা আচার্য, ড. নীতু দেবনাথ, অধ্যাপিকা অর্পিতা রায়, ড. মৈত্রী মান্না ও সঞ্চয়িতা দাম।
(ছবি : প্রফেসর উদয়শঙ্কর চক্রবর্তীর হাতে স্মারক তুলে দিচ্ছেন অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ।)



