Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজে বিজ্ঞান দিবস

ওয়েটুবরাক, ২ মার্চ : কাছাড় কলেজে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল এবং উদ্ভাবনী ক্ষমতার বিকাশের লক্ষ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিতে সাফল্যের উপর একটি আন্তঃকলেজ ছাত্র সেমিনার ছিল। শিক্ষার্থীরা বিজ্ঞানের নানান পরিসরে সাম্প্রতিক অগ্রগতির উপর আকর্ষণীয় আলোচনা উপস্থাপন করে। ছাত্র ছাত্রীদের উপস্থাপনার উৎকর্ষের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা।
সেমিনারের পর আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হিমাদ্রি শেখর দাস ‘স্টারগেজিং নাইট: অ্যান ইভনিং উইথ দ্য টেলিস্কোপ’ শীর্ষক একটি বক্তৃতা প্রদান করেন। হিমাদ্রিবাবু মহাকাশ পর্যবেক্ষণ এবং মহাবিশ্ব বোঝার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। পড়ুয়াদের কাছে বড় আকর্ষণ ছিল তারকাদর্শন। তারা টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের নক্ষত্র রাজ্য পর্যবেক্ষণের সুযোগ পায়। হাতে কলমের এই অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলে এবং রাতের আকাশের বিস্ময় তাদের অন্বেষণে উৎসাহিত করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ শামস উদ্দিন, আইকিউএসির সমন্বয়ক মুকুল কুমার বরুয়া এবং বাংলার বিভাগীয় প্রধান সুদীপ কুমার দাস। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাণিবিদ্যার শিক্ষক জয়ব্রত নাথ।
একই দিনে কলেজের মহিলা সেল, এন এস এস এবং সম্প্রসারণ কার্যকলাপ সেলের যৌথ উদ্যোগে মাছুঘাটে একটি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। কলেজের দত্তক নেওয়া গ্রামটির মহিলাদের মধ্যে বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি করাই উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
রসায়ন শাস্ত্রের প্রতি আগ্রহ সঞ্চার করার উদ্দেশ্যে কলেজের রসায়ন বিভাগ তাদের প্রাচীর পত্রিকা ‘কেমোফোরিয়া’ উন্মোচন করে। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন কলেজের এনএসএসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দীপ্যমান মহন্ত।



