Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজে দশদিনব্যাপী সংস্কৃত ভাষা কর্মশালা

ওয়েটুবরাক, ২১ আগস্ট: কাছাড় কলেজের সংস্কৃত বিভাগ ও নতুনদিল্লি স্থিত সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কাছাড় কলেজের সংস্কৃত অধ্যয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে ১০–২০ আগস্ট দশদিন ব্যাপী সংস্কৃত ভাষা কর্মশালার আয়োজন করা হয়। প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত কলেজে অনুষ্ঠিত কর্মশালায় ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভাইস-প্রিন্সিপাল শামসুদ্দিন, লাইব্রেরিয়ান ড. দীপশিখা সেন, সংস্কৃত বিভাগের অধ্যক্ষা ড. নয়না গোস্বামী, সংস্কৃত ভাষার অধ্যাপিকা ও সংস্কৃতভারতীর দক্ষিণ আসাম প্রান্তের সহসচিব কৃষ্ণা সিনহা এবং সংস্কৃত বিভাগের সহ-অধ্যাপিকা ও সংস্কৃতভারতীর দক্ষিণ কাছাড় জেলার সহসচিব অরিজিতা সিংহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতভারতীর প্রান্ত সম্পর্ক প্রমুখ, তথা জনকল্যাণ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ড. বুদ্ধদেব পুরকায়স্থ এবং দক্ষিণ ত্রিপুরার প্রান্তসচিব বিক্রম বিশ্বাস।
সমাপনী অনুষ্ঠানে তাঁরা ছাড়াও উপস্থিত ছিলেন কাছাড় কলেজের জুলজি বিভাগের শিক্ষক ড. নিতু দেবনাথ, রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপ্যমান মহন্ত, বিভাগীয় অতিথি শিক্ষক বিমান রায় প্রমুখ। তাঁরা সংস্কৃতের প্রয়োজনীয়তা ও মহত্ত্ব সম্পর্কে আলোচনা করেন। শিক্ষার্থীরা তাঁদের সংস্কৃতভাষা অধ্যয়নের অভিজ্ঞতা ব্যক্ত করেন। ড. নয়না গোস্বামী স্বাগত বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অরিজিতা সিংহ। শান্তিমন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
