NE UpdatesHappeningsBreaking News
কলকাতায় পূর্বোদয় সাহিত্য উৎসবে উন্মোচিত প্রমোদ কলিতার ‘উড়ে গেল রাজহংস’

কলকাতা, ১ মার্চ : তিন ধরে কলকাতায় হো চি মিন সরণিতে অনুষ্ঠিত হল পূর্বোদয় সাহিত্য উৎসব। উদ্যোক্তা কলকাতার ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ, ইন্ডিয়া (ISCS)। এই উৎসবে দেশভাগমূলক প্রথম অসমিয়া উপন্যাসের বাংলা অনুবাদ উন্মোচিত হল শনিবার। মূল অসমিয়া উপন্যাসটির নাম ‘উরি গ’ল রাজহংস’। বাংলায় ‘উড়ে গেল রাজহংস’। নামটি বিখ্যাত একটি কামরূপী লোকগীতির পঙক্তি থেকে নেওয়া। ঔপন্যাসিক প্রমোদ কলিতা। বাংলায় অনুবাদ করেছেন নিবেদিতা চক্রবর্তী। সম্পাদনা করেছেন ড. প্রশান্ত চক্রবর্তী।
উপন্যাসটির পটভূমি দেশভাগ ও সমকাল। ছেচল্লিশের দাঙ্গা, বরিশাল নোয়াখালির হিন্দু নিধন, কলকাতা, উদ্বাস্তুদের করুণ পরিণতি, কংগ্রেসের স্বার্থপরতা, গান্ধীজির নেতিবাচক ভূমিকা, বামপন্থীদের বিষাক্ত রাজনীতি, গুয়াহাটি-তেজপুর ও উজান অসম সহ বিরাট মহাকাব্যিক পটভূমি। এই প্রথম কোনো অসমিয়া উপন্যাসে ছিন্নমূল পূর্ববঙ্গীয় হিন্দু বাঙালিদের মর্মবেদনা তুলে ধরা হয়েছে। উপন্যাটি উন্মোচন করেন বিশিষ্ট চিন্তাবিদ ও পরিবেশবিদ মোহিত রায়, ‘দৈনিক যুগশঙ্খ’ পত্রিকার চিন্ময়কুমার দাস, সাহিত্যিক ভগীরথ মিশ্র, অনাথবন্ধু চট্টোপাধ্যায় প্রমুখ।
মূলত দেশভাগের পটভূমিতে ঐতিহাসিক তথ্য সম্বলিত ঘটনার আধারে কাল্পনিক চরিত্ৰ দ্বারা নিৰ্মিত এক ঘটনাক্ৰমের নির্মোহ বর্ণনা। উপন্যাসটিতে পাঠক ইতিহাসে উপেক্ষিত কিছু ঘটনা ও মানুষের জীবনের ঘটনাক্ৰমের দ্বারা ইতিহাসের অন্য এক সত্য আবিষ্কার করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ উপন্যাসটির প্রকাশক বাংলা সাহিত্য সভা, অসম-এর পক্ষে কলকাতার অভিজাত ‘বিস্তার’। পরিবেশক বিস্তার ও গুয়াহাটির ‘অসম পাবলিশিং কোম্পানি’।


