NE UpdatesAnalyticsBreaking News
আগামী দেড় মাসের মধ্যে দু’বার অসমে আসবেন প্রধানমন্ত্রী, আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী

গুয়াহাটি : আসন্ন ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার অসম সফর করবেন। ডিসেম্বর ও জানুয়ারি মাসে দু’বার অসমে আসবেন প্রধানমন্ত্রী মোদি। আগামীকাল শুক্রবার গুয়াহাটি আসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী শর্মা বলেন, ‘আগামী দেড় মাসের মধ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অসম সফরে আসবেন।’ ডিসেম্বর ও জানুয়ারি মাসে পরপর দু’বার অসমে আসবেন প্রধানমন্ত্রী। গুয়াহাটিতে বিমানবন্দরের নতুন টার্মিনাল সহ আইআইএম প্রভৃতির শুভ উদ্বোধন করবেন এবং ব্রহ্মপুত্রের ওপরে নতুন সেতুও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এই দুই আসন্ন অসম সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘আগামী দু’মাসে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমে আসবেন। প্রধানমন্ত্রী ডিসেম্বর মাসে গুয়াহাটি বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের জন্য আসবেন। এছাড়া নামরূপে ১২ লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউরিয়া ও অ্যামোনিয়া কারখানারও উদ্বোধন করবেন। জানুয়ারি মাসে আবারও আসবেন প্রধানমন্ত্রী, তখন তিনি গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মধ্যে নির্মিত সেতুর উদ্বোধন করবেন।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এর পাশাপাশি তিনি কাজিরঙার এলিভেটেড করিডোর, শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস করিডোর, আইআইএম গুয়াহাটি ইত্যাদি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। ডিসেম্বরের শেষ দিকে অসমে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম দিকে তিনি গুয়াহাটিতে নির্মিত ৫০০০ আসনবিশিষ্ট জ্যোতি-বিষ্ণু সাংস্কৃতিক প্রেক্ষাগৃহ উদ্বোধন করবেন। এছাড়াও বরদোয়াতে নির্মিত প্রকল্পেরও উদ্বোধন করবেন।”
তাছাড়া অমিত শাহ গুয়াহাটিতে বিজেপির বুথ-স্তরের সভাপতিদের সম্মেলনেও ভাষণ দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও অসম সফরে আসছেন। তিনি জাগীরোডে নির্মীয়মাণ সেমিকন্ডাক্টর প্রকল্প পরিদর্শন করবেন এবং সেই প্রকল্পস্থলে অসমের ৩০০ জন উদীয়মান তরুণ-তরুণীর সঙ্গে কথোপকথন করবেন।
এর পাশাপাশি তিনি গুয়াহাটির ব্রহ্মপুত্রের ওপরে নির্মিত আন্তর্জাতিক মানের জাহাজ টার্মিনাল উদ্বোধন করবেন। এছাড়া রাজভবনের পথে উজানবাজারের ব্রহ্মপুত্র তীরে ‘গুয়াহাটি রিভার ফ্রন্ট’-এর উদ্বোধন করবেন নির্মলা সীতারমন। পাশাপাশি ৮ নভেম্বর গহপুরে গিয়ে শহিদ কানক্লতা বোরুয়া বিশ্ববিদ্যালয়ের কাজের শুভ উদ্বোধন করবেন। অসমে অর্থমন্ত্রী সীতারমনের মোট তিনটি কর্মসূচি রয়েছে।
এছাড়াও মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, ৯ নভেম্বর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অসম সফরে আসছেন। ব্রহ্মপুত্রের তীরে অনুষ্ঠিতব্য সুন্দর ও বৃহৎ বিমানবাহিনীর অনুষ্ঠানে অংশ নেবেন। প্রতিরক্ষামন্ত্রীর এই সফর সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, “গুয়াহাটিতে বিমানবাহিনীর আয়োজিত এয়ার-শোতে অংশ নেবেন রাজনাথ সিং। এই উচ্চমানের এয়ার-শোতে রাফেল থেকে সুখোই পর্যন্ত সমস্ত বিমান প্রদর্শিত হবে।”



