Barak UpdatesHappeningsBreaking News
আকাশবাণী শিলচর কেন্দ্রে ক্যাজুয়াল অ্যাসাইনি পদে আবেদন পত্র আহ্বান

ওয়েটুবরাক, ৫ আগস্ট: আকাশবাণী শিলচর কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভাবে অনুষ্ঠান উপস্থাপনা ও প্রস্তুতিকরণের জন্য ক্যাজুয়াল অ্যাসাইনি পদে লোক নেওয়া হবে। ২০ থেকে ৫০ বছর বয়সিরা এ জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলা ভাষা স্পষ্টভাবে উচ্চারণ করে বলা, পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে। সেইসঙ্গে বাংলা কৃষ্টি-ভাষা-সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও হিন্দি ভাষা বোঝা ও পড়ার দক্ষতা থাকতে হবে।
আবশ্যিক যোগ্যতা হিসেবে আরও বলা হয়েছে, আবেদনকারীর কন্ঠস্বর সম্প্রচার উপযোগী হতে হবে এবং সাধারণ ভাবে কম্প্যুটার ব্যবহারের জ্ঞান থাকতে হবে।
এই ক্যাজুয়াল অ্যাসাইনিদের শিফট অথবা নন-শিফট পদ্ধতিতে স্টুডিওতে অনুষ্ঠান প্রস্তুত ও উপস্থাপনা করা ছাড়াও অনুষ্ঠানের প্রয়োজনে বাইরে গিয়েও রেকর্ডিং করতে হতে পারে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান নির্বাহী হিতব্রত ভট্টাচার্য জানান, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ আগস্ট। আবেদনপত্রের ফর্ম, মাশুল জমা দেওয়ার নম্বর ও ঠিকানা জানার জন্য এবং বিস্তৃত বিবরণ জানার জন্য ইচ্ছুক আবেদনকারীরা ‘আকাশবাণী শিলচর’ (Akashvani Silchar)-র অফিসিয়েল ফেসবুক পেজ দেখতে পারেন।


