Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

অসমের মতো পশ্চিমবঙ্গেও “ভারতপন্থী সরকার” গঠনের স্বপ্ন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তের

ওয়েটুবরাক, ১১ জুন: পহেলগাঁওয়ের ঘটনা, মুর্শিদাবাদের দাঙ্গা এগুলোই পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতার দিকে এগিয়ে দিচ্ছে বলে অসমের শিলচরে এসে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর কথায়, আজও দাঙ্গা হচ্ছে ডালহৌসিতে। আর দাঙ্গা যত বাড়ছে, শান্তিপ্রিয় জনতা ততই তৃণমূলের ওপর আস্থা হারাচ্ছেন, পদ্মফুলের দিকে ঝুঁকছেন।
অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি দিচ্ছে না বলেও অভিযোগ করেন সুকান্ত। তিনি বলেন, এ ব্যাপারে বারবার লিখেও সাড়া পাচ্ছে না কেন্দ্র। এর দরুন রাজ্যটির ৪৫০ কিঃমিঃ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। তাঁর আরও অভিযোগ, ওই ফাঁকা সীমান্ত দিয়ে অবাধে অনুপ্রবেশ ঘটছে। এতে রাজ্যের জনমিতি বা জনসংখ্যা-চিত্র বদলে যাচ্ছে। তাই “অসমের মতো ভারতপন্থী সরকার” পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন সুকান্ত।
তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভারতপন্থী নয়? স্পষ্ট ভাষায় জবাব না দিয়ে তিনি সাংবাদিকদেরই পাল্টা প্রশ্ন করেন। “অপারেশন সিঁদুরের পর যাঁরা বলেন, দু-চারটা বোমা ফাটিয়েছে মাত্র, কী বলবেন তাঁদের?” আজও তিনি নিউটনের উদাহরণ টেনে তৃণমূলকে “আন্তর্জাতিক সংগঠন” বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, নিউটন একদিকে তৃণমূলের নেতা, পশ্চিমবঙ্গের ভোটার, আবার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ঢাকায় নেতৃত্ব দেন।
নরেন্দ্র মোদী সরকারের এগারো বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরতেই কেন্দ্রীয় ডোনার ও শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ শিলচরে আসেন। সন্ধ্যায় নাগরিক সভায় বক্তৃতা করেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ২০২৬-এ পশ্চিমবঙ্গে সরকার গঠনের ব্যাপারে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
কিন্তু গত লোকসভা নির্বাচনে রাজ্যের এক-তৃতীয়াংশ আসনও পায়নি বিজেপি, তাদের পক্ষে এক-দেড় বছরের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হওয়া কি সম্ভব? সুকান্তের কাছে এমন প্রশ্নেও বড় উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়ই। বললেন, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে মাত্র একজন সদস্য ছিলেন লোকসভায়। অধ্যক্ষের চেয়ারের দিকে চাদর ছুঁড়ে মারার ঘটনার উল্লেখ করে তিনি জানান, সে বার লোকসভায় তৃণমূলের একমাত্র সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেড়-দুই বছরের মধ্যে বিধানসভা নির্বাচন হলে তিনিই হন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker