Barak UpdatesHappeningsBreaking News

অরুণকুমার চন্দের জন্মদিনে শিলচরে শ্রদ্ধাঞ্জলি

ওয়েটুবরাক, ১৭ ফেব্রুয়ারি: সোমবার শিলচরে মর্যাদার সঙ্গে পালিত হয় জননেতা অরুণকুমার চন্দের ১২৭-তম জন্মদিন। সদরঘাটে অরুণকুমার চন্দ পার্কে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করে পুষ্পার্ঘ নিবেদন করেন শিলচর পুরসভার সহকারী কার্যবাহী আধিকারিক নবোত্তম শর্মা এবং প্রাক্তন কার্যবাহী আধিকারিক শ্যামল দেব। তাঁরা আসলে প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতি রক্ষা সমিতির ক্রমে সভাপতি ও কার্যবাহী সভাপতি। সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সমিতির সাধারণ সম্পাদক প্রবীরকুমার রায়চৌধুরী, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, কাছাড় জেলা সমিতির সম্পাদক উত্তম কুমার সাহা, বরাক ভ্যালি ব্লাড ডোনারস ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহীতোষ পাল, সুপ্রিয় ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ প্রমুখ।

বক্তারা আক্ষেপ ব্যক্ত করেন, তরুণ প্রজন্ম এই ধরনের কাজে আগ্রহী হচ্ছেন না। অরুণ কুমার চন্দের মতো ব্যক্তিত্ব সম্পর্কে ছাত্র-যুবকরা তেমন কিছু জানেন না, জানতেও চান না। অথচ এই মানুষটি এই অঞ্চলকে নানাদিক থেকে ভারতের কাছে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন একাধারে স্বাধীনতা সংগ্রামী, বিখ্যাত আইনজীবী, ট্রেড ইউনিয়ন নেতা, অবিভক্ত জেলা কংগ্রেসের সভাপতি, আইন পরিষদের সদস্য, গুরুচরণ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

পুরসভার সহকারী কার্যবাহী আধিকারিক নবোত্তম শর্মা এমন এক ব্যক্তি সম্পর্কে বহির্বরাকের মানুষের কাছে ঠিকভাবে তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেন। উইকিপিডিয়ায় তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরতে আয়োজকদের উদ্দেশে অনুরোধ জানান।

প্রবীরকুমার রায়চৌধুরী সদরঘাটে অরুণকুমার চন্দের প্রতিমূর্তি স্থাপনে সন্তোষমোহন দেব ও বীথিকা দেবের সহায়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন। বলেন, সাহায্য করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ সহ শহরের বহু মানুষ।

গৌতমপ্রসাদ দত্তের কথায়, মনীষীদের সম্পর্কে আগ্রহ কমছে বলেই মূল্যবোধের ক্রম অবনমন ঘটছে। মহীতোষ পাল প্রস্তাব দেন, পুরসভার অনুমতি পেলে বরাক ভ্যালি ব্লাড ডোনারস ফোরাম ‘অরুণ কুমার চন্দ পার্কে’র নিয়মিত দেখভালের দায়িত্ব নেবে।

সভা সঞ্চালনা করেন অশোক কুমার দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker