Barak UpdatesHappeningsCultureBreaking News

রবিবার বঙ্গভবনে দু’টি নাটক ‘নিশিজাল’ ও ‘ভাইরাল’

ওয়েটুবরাক, ৭ জুন: রবিবার শিলচর বঙ্গভবনে জোড়া নাটক। বিবর্তন থিয়েটার ও আজকের প্রজন্ম থিয়েটারের যৌথ নিবেদনে পরিবেশিত হবে নাটককার ইন্দ্রনীল দে-র একেবারে নতুন নাটক ‘নিশিজাল’। এছাড়াও এই সন্ধ্যায় রয়েছে রূপমের সর্ব ভারতীয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কার পাওয়া নাটক, অরিজিৎ আদিত্যের লেখা ‘ভাইরাল’। নাট্য সন্ধ্যাটি শুরু হবে সন্ধে সাড়ে ছ’টায়। তবে দর্শকদের কাছে নাটক শুরুর অন্তত মিনিট পনেরো আগে শিলচরের বঙ্গভবন প্রেক্ষাঘরে আসন গ্রহণের অনুরোধ জানিয়েছে আয়োজক বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।

বঙ্গসাহিত্যের কাছাড় জেলা সমিতির আয়োজনে প্রতি মাসে হয় ‘এ মাসের নাটক’ শীর্ষক অনুষ্ঠান। এরই অঙ্গ হিসেবে ‘নিশিজাল’ এবং ‘ভাইরাল’ মঞ্চস্থ হচ্ছে এবার। নাটক দু’টি হওয়ার কথা ছিল গত ৩১ মে। তবে হঠাৎ করেই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ওইদিন শো করা সম্ভবপর হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায়, আয়োজক ও প্রযোজক নাট্যদলগুলি ৮ জুন, রবিবার শো দু’টি মঞ্চায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিশিজাল নাটকের নির্দেশক সায়ন বিশ্বাস জানান, যেহেতু খুব অল্প সময়ে নাটক দু’টি মঞ্চায়নের পুনসিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই রবিবারের আয়োজনে নাট্যামোদি এবং নাট্যকর্মীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। নিশিজাল এবং ভাইরাল, রহস্য-রোমাঞ্চের মোড়কে ঢাকা নাটক দু’টি একেবারেই আধুনিক ভাবনার প্রতিফলন ঘটাবে মঞ্চে। কথা বলবে, আজকের সময় নিয়ে, বর্তমান প্রজন্মকে নিয়ে, বর্তমানের সমস্যাই উঠে আসবে নানা ভাবে। এসব জানিয়ে সায়ন আরও বলেন, ‘ভাইরাল নাটকটির সময়সীমা ৫০ মিনিট হলেও নিশিজাল একটি পূর্ণদৈর্ঘ্যের নাটক, যা মঞ্চায়নে আনুমানিক সময় লাগবে এক ঘণ্টা ১৫ মিনিট। তাই দর্শকদের কাছে সন্ধে সাড়ে ছ’টার আগেই আসন গ্রহণের অনুরোধ থাকল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker