India & World UpdatesHappeningsBreaking News
দিল্লির পরে শ্রীনগরে, থানায় বিস্ফোরণে হত ৬

ওয়েটুবরাক, ১৫ নভেম্বর: দিল্লির পর বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীনগর। নওগাম পুলিশ স্টেশনে এই ঘটনায় ৬জন নিহত হয়েছেন । আহত বেশ কয়েকজন। কমপক্ষে ২৪ জন পুলিশ কর্মী এবং তিনজন অসামরিক ব্যক্তিকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রচণ্ড বিস্ফোরণে পুলিশ স্টেশন ভবনের উল্লেখযোগ্য ক্ষতি হয়।
পুলিশ এবং ফরেনসিক দলের কর্মকর্তারা হরিয়ানার ফরিদাবাদ থেকে আনা বিশাল বিস্ফোরক থেকে নমুনা সংগ্রহ করার সময় বিস্ফোরণটি ঘটে। ধৃত মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা ৩৬০ কেজি বিস্ফোরকের অংশ ছিল এটি।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, আটক করা কিছু বিস্ফোরক পুলিশ ফরেনসিক ল্যাবে নিয়ে গেলেও, ৩৬০ কেজি ওজনের এই বিস্ফোরকের বেশিরভাগই নওগাম থানায় রাখা হয়েছিল। অক্টোবরের মাঝামাঝি সময়ে নওগামের বুনপোরায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হুমকিমূলক পোস্টার লাগানোর পর সন্ত্রাসী মডিউলটির খবর পাওয়া যায়।১৯ অক্টোবর শ্রীনগর পুলিশ একটি মামলা দায়ের করে এবং তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করে। বিস্তারিত সিসিটিভি বিশ্লেষণের পর আরিফ নিসার দার ওরফে সাহিল, ইয়াসির-উল-আশরাফ এবং মাকসুদ আহমেদ দার ওরফে শহিদকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে এসআইটি ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে যায়, সেখান থেকে চিকিৎসক মুজাম্মিল আহমেদ গনাই এবং শাহিন সাইদকে ধরে আনা হয়। তদন্তকারীরা ৩৬০ কেজি সন্দেহভাজন অ্যামোনিয়াম নাইট্রেট সেখান থেকেই আটক করে। সেই সঙ্গে ২ হাজার ৯০০ কেজি আইইডি তৈরির উপাদান, যার মধ্যে রাসায়নিক, ডেটোনেটর, তার এবং অন্যান্য বোমা তৈরির উপাদান ছিল। ওই বিস্ফোরক সামগ্রী থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।


