Barak UpdatesHappeningsBreaking News
প্রাক্তন উপাধ্যক্ষ ডঃ ননী গোপাল দেবনাথ প্রয়াত, শোকের ছায়া রাধামাধব কলেজে

ওয়েটুবরাক, ২০ জানুয়ারিঃ প্রয়াত হলেন শিলচর রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ তথা কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ ননী গোপাল দেবনাথ। রবিবার রাত্রি ১.২৮ মিনিটে সুদূর হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। রেখে গেছেন স্ত্রী নিবেদিতা দেবনাথ, একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার সোহং দেবনাথ সহ অসংখ্য গুনমুগ্ধ । উল্লেখ্য প্রয়াত দেবনাথ ২০২০ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং পরে ২০২১ সালের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য পুত্রের নিকট হায়দ্রাবাদ চলে যান। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মেনে গতকাল রাতে পরপারে পাড়ি দেন দেবনাথ বাবু। উল্লেখ্য প্রয়াতের পুত্র সোহং হায়দ্রাবাদের একটি কর্পোরেট কোম্পানিতে এসোসিয়েট প্রজেক্ট ম্যানেজার হিসাবে কর্মরত রয়েছেন। সোমবার হায়দ্রাবাদের এক শ্মশানে দেবনাথ বাবুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রয়াতের পুত্র সোহং।
উল্লেখ্য প্রয়াত ননী গোপাল দেবনাথ ২০১১ সালের ১ লা অক্টোবর থেকে ২০১৮ সালের ৩১ জুলাই পর্যন্ত শিলচর রাধামাধব কলেজের উপাধ্যক্ষ হিসাবে কাজ করেছেন। এর পাশাপাশি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবেও দক্ষতার সাথে কাজ করে গেছেন তিনি। ১৯৮৪ সালের ২৬ অক্টোবর রাধামাধব কলেজে চাকুরিতে যোগদান করেন প্রয়াত দেবনাথ এবং পরবর্তীতে ২০১৮ সালের ৩১ জুলাই রাধামাধব কলেজ থেকেই চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেন। মাঝখানে তিনি কিছুদিন শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ হিসাবেও কাজ করেছেন।
এদিকে ননী গোপাল দেবনাথের আকস্মিক প্রয়াণের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাধামাধব কলেজ অধ্যক্ষ ডঃ দেবাশিস রায়, উপাধ্যক্ষ ডঃ রাহুল চক্রবর্তী, ইনচার্জ প্রিন্সিপাল তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী সহ কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা।


