Barak UpdatesHappeningsBreaking News

বরাক বঙ্গের শিলচর আঞ্চলিক সমিতি পুনর্গঠিত, নতুন সভাপতি দীপক

ওয়েটুবরাক, ১২ জানুয়ারি : অখণ্ড বাঙালি জাতিসত্তাকে আঁকড়ে ধরেই বরাক উপত্যকার বঙ্গভাষীদের নিজেদের দাবিদাওয়া আদায় করতে হবে, অন্যায়-অবিচার-বঞ্চনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে৷ বিভিন্ন বক্তার এই বক্তব্যকে সামনে রেখেই আজ রবিবার সম্পন্ন হয় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা৷ সংগঠনের প্রবীণ সদস্য তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য অতি সংক্ষিপ্ত বক্তব্যে বরাক বঙ্গের কাজকর্মে সমস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন৷

একই সুরে বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত উদ্বেগের সঙ্গে বলেন, সবাইকে নিয়ে চলার মতো ব্যক্তি ও সংগঠন কমে আসছে৷ বিশ্বাস ভেঙে ক্রমে তা দ্বেষের চেহারা নিচ্ছে৷ এই সময়ে বরাক বঙ্গের প্রতিটি সদস্যের যে বিশাল দায়িত্ব রয়েছে, সে কথা স্মরণ করিয়ে দেন সংগঠনের সাবেক জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী এবং দূর শিক্ষা কেন্দ্রের আচার্য বিভাসরঞ্জন চৌধুরী৷

এ দিন সভার শুরুতেই সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন আঞ্চলিক সমিতির সম্পাদক সুশান্তকুমার সেন৷ আয়ব্যয়ের হিসাব দেখান কোষাধ্যক্ষ সুপ্রদীপ দত্তরায়৷ পরে সব্যসাচী পুরকায়স্থের নেতৃত্বাধীন পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়৷ আগামী দুই বছরের জন্য বরাক বঙ্গের শিলচর আঞ্চলিক সমিতির সভাপতি নির্বাচিত হন দীপক সেনগুপ্ত৷ সুশান্তকুমার সেন ও সুপ্রদীপ দত্তরায় ক্রমে সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে পুনঃমনোনীত হন৷ এই পর্ব পরিচালনা করেন সংগঠনের দূর শিক্ষা কেন্দ্রের সঞ্চালক পরিতোষ দত্ত৷ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরাক বঙ্গের লক্ষীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সাত্যকি দাস৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker