Barak UpdatesHappeningsBreaking News
আইআইটি জ্যামে চতুর্থ শিলচরের জয়ীতাSilchar’s Joyeeta bags 4th position in IIT Jam

ওয়েটুবরাক, ১৮ মার্চঃ এ বছরের আইআইটি জ্যামে চতুর্থ স্থান অধিকার করেছে শিলচরের ছাত্রী জয়ীতা নাথ পুরকায়স্থ। বর্তমানে জয়ীতা শিলচরের গুরুচরণ কলেজে বিএসসি (বায়োটেকনোলজি) নিয়ে পড়াশোনা করছে। এর আগে সে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং শিলচর কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে। শিলচর বিবেকানন্দ রোডের বাসিন্দা রজতকান্তি নাথপুরকায়স্থ এবং ডা. জয়া নাথের কন্যা জয়ীতার সাফল্যে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী মহল খুশি।
প্রসঙ্গত জ্যাম মানে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টারস। আইআইটি, আইআইএসসি-তে বিভিন্ন বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর কোর্স করার জন্য আইআইটি জ্যামস নামে কমন অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়। গত তেরো ফেব্রুয়ারি এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। এ বার এই পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল আইআইটি রুরকি। একেক বছর একেক প্রতিষ্ঠানকে এই দায়িত্ব প্রদান করা হয়।
এই সর্বভারতীয় পরীক্ষায় এ বার প্রথম স্থান অধিকার করেছে অভিরাল আগরওয়াল। সে অঙ্ক নিয়ে স্নাতকোত্তর করবে। দ্বিতীয় রসায়ন শাস্ত্রের অঙ্কিত মণ্ডল। জয়ীতা সর্বভারতীয় পরীক্ষাটিতে সামগ্রিক ভাবে চতুর্থ স্থান অধিকার করলেও বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিতে টপার৷




