India & World UpdatesHappeningsBreaking News
আমেরিকায় গ্রেফতার ৮ খালিস্তানি জঙ্গি

ওয়েটুবরাক, ১৪ জুলাই: মার্কিন মুলুকে গ্রেফতার ৮ খালিস্তানি জঙ্গি। তাদের মধ্যে রয়েছে এনআইএ’র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা পবিত্তর সিং বাটলাও। নিষিদ্ধ জঙ্গি সংগঠন বব্বর সিং খালসার হয়ে পাঞ্জাবে বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর অভিযোগ রয়েছে পবিত্তরের বিরুদ্ধে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপহরণ ও অত্যাচারের তদন্ত করতে গিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র ও নগদ ১৫ হাজার ডলার। অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ৫টি হ্যান্ডগান, একটি অ্যাসল্ট রাইফেল, প্রচুর পরিমাণে গুলি।
অপহরণ ও নির্যাতনের মামলায় তদন্ত শুরু করেছিল মার্কিন পুলিশ। জোয়াকুইন কাউন্টির ৫ জায়গায় তল্লাশি চালানোর সময় একাধিক পুলিশ বিভাগের সঙ্গে যোগ দেয় এফবিআইও। এই অভিযানের সময় বেশ কয়েকজন খালিস্তানি জঙ্গির সন্ধান পায় তারা। তার পরেই মার্কিন গোয়ান্দা সংস্থার হাতে গ্রেফতার হয় ওই খালিস্তানি জঙ্গিরা। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা করার অভিযোগ উঠেছিল।
ধৃত ওই ৮ খালিস্তানির নাম হল দিলপ্রীত সিং, অর্শপ্রীত সিং, অমৃতপাল সিং, বিশাল, পবিত্র সিং, গুরতাজ সিং, মনপ্রীত রন্ধাওয়া এবং সরবজিৎ সিং। ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ-এর হিটলিস্টে থাকা জঙ্গি পবিত্র সিং বাটালার বিরুদ্ধে পাঞ্জাবে একাধিক অপরাধ করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন বব্বর খালসার সঙ্গে যুক্ত। মার্কিন মুলুক থেকেই অভিযুক্ত জঙ্গি ভারতে সন্ত্রাস চালাত বলে অভিযোগ। গ্রেফতারের পর জঙ্গিদের বিরুদ্ধে একাধিক মামলায় অভিযোগ দায়ের হয়েছে। তা নিয়ে ইতিমধ্যে তদন্থ শুরু করে দিয়েছে পুলিশ।



