NE UpdatesHappeningsBreaking News

দু’দিনের কর্মসূচি নিয়ে গুয়াহাটিতে অর্থমন্ত্রী সীতারমন

গুয়াহাটি, ৭ নভেম্বর : দুদিনের কর্মসূচি নিয়ে অসমে এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুক্রবার দুপুরে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরাসরি জাগীরোডের টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পের উদ্দেশে রওনা হন। দুপুরে সীতারমন টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর মধ্যাহ্নভোজ সেরে তিনি কইনাধরা রাজ্য অতিথিশালায় ফিরে যান।

এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী গুয়াহাটিতে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তিনি ৩০৫ কোটি টাকার ব্যয়ে নির্মিত গুয়াহাটির প্রবেশদ্বার (টার্মিনাল ও নদীঘাট) উদ্বোধন করবেন। এই প্রকল্পটি অসমের নদী পরিবহন ব্যবস্থায় এক নতুন সংযোজন। এর অন্যতম বৈশিষ্ট্য হল এটি উত্তর-পূর্বাঞ্চলের প্রথম ভাসমান টার্মিনাল, যা সব মরশুমেই কার্যকর থাকবে। ফেরি টার্মিনালটির নির্মাণাধীন এলাকা ৬,৮০০ বর্গমিটার, নদীর দিকে সংযোগ লিংকস্প্যানটির দৈর্ঘ্য ১৭২ মিটার। টার্মিনাল ও ঘাটটি ডলফিনের আকৃতিতে নির্মিত হয়েছে।এখানে ১০০ জন যাত্রী বহনক্ষম ৪টি ক্যাটামারান নৌকা রাখার জন্য ১২০ মিটার দীর্ঘ পন্টুন রয়েছে। এছাড়াও ১০.৯ মিটার পর্যন্ত পরিবর্তনশীল জলস্তরের উপযোগী ঘাট, ই-টিকিটিং সুবিধা সহ বিশ্বমানের টার্মিনাল ভবন, এবং সবসময় নজরদারির জন্য আধুনিক নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে।

টার্মিনাল ও ঘাট উদ্বোধনের পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ‘ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট’ উদ্বোধন করবেন এবং প্রবীণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন। ৩২৭ কোটি টাকার ব্যয়ে নির্মিত ব্রহ্মপুত্র নদীপারের “সতী রাধিকা শান্তি উদ্যান” তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অনন্য বিনোদন কেন্দ্র। নতুন কমিশনার ভবন থেকে কাছাড়িঘাট পর্যন্ত ১.২ কিলোমিটার দীর্ঘ নদীতীর এলাকা জুড়ে গড়ে উঠেছে এই ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট। এখানে রয়েছে নদীর পাড়ে ১৫ মিটার প্রশস্ত পথ, হাঁটা ও সাইকেল চালানোর রাস্তা, বসার জায়গা, শিশুদের খেলার স্থান, মুক্ত শারীরচর্চার ব্যবস্থা এবং চারটি বাণিজ্যিক ভবন। এছাড়াও রয়েছে আসামের সংস্কৃতি-ভিত্তিক সাতটি প্রবেশদ্বার এবং নদীর তীর রক্ষার জন্য ক্ষয়প্রতিরোধ ব্যবস্থা।

এরপর সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য কার্যালয় ‘বাজপেয়ী ভবন’-এ। এখানে তিনি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে অংশ নেবেন। বৈঠকের পর সেখানেই নৈশভোজ সেরে কইনাধরা অতিথিশালায় রাত যাপন করবেন তিনি। শনিবার সকালে সীতারমন রওনা হবেন গহপুরের উদ্দেশে। সকাল ১১টা ১০ মিনিটে গহপুরে পৌঁছে তিনি কনকলতা বরুয়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এক জনসভায় অংশগ্রহণ করবেন। পরে গহপুর থেকে তিনি ইটানগরের পথে রওনা দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker