Barak UpdatesBreaking News
গ্রেফতার রেল পুলিশের বদরপুর ওসিOC of Badarpur Railway Police arrested

২০ ডিসেম্বরঃ সরকারি সম্পত্তি চুরি, বলপূর্বক অর্থ আদায় ইত্যাদি অভিযোগে রেল পুলিশের বদরপুরের ওসি কনকচন্দ্র নাথকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত আগর কাঠ বিক্রি করতে গিয়েই ধরা পড়ে যান কনকবাবু। বিভাগীয় গাড়িচালক সুব্রত দেব এতদিন এইসব কাজে তাঁকে সঙ্গ দিচ্ছিলেন। এ বার বিগড়ে যাওয়াতেই বিপত্তি বাঁধে।

সুব্রতর অভিযোগ, আগে দুইবার ওসি তাঁকে আগর কাঠের ক্রেতা খুঁজে দিতে বলেন। তিনি তা-ই করেন। এ বারও তাঁর কথায় সুব্রত দুইজন ক্রেতাকে তাঁর কাছে নিয়ে যান। দর না মেলায় কনকবাবু তাদের মিথ্যা মামলায় লকআপে পুরে দেন। সঙ্গে থাকা আড়াই লক্ষ টাকাও কেড়ে নেন বলে অভিযোগ। পরে কাঠ কেনাবেচার কথা বাদ দিয়ে মামলা থেকে অব্যাহতির জন্য দুই লক্ষ টাকা দাবি করেন। তাতে বিপাকে পড়েন গাড়িচালক সুব্রত দেব। এইসব কথা অবশ্য বেশিদিন গোপন থাকেনি। পুলিশ সুপার গৌরব উপাধ্যায়েরও কানে যায়। তদন্তে নেমে তিনিই কনকবাবুকে গ্রেফতারের নির্দেশ দেন।
পুলিশ সুপারের কথায়, তদন্ত করতে গিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ পেয়েছেন তিনি। তাই বিভিন্ন ফৌজদারি ধারায় তাঁর বিচার হবে।


