NE UpdatesHappeningsBreaking News
মার্কিন বিশেষজ্ঞ এলেও বন্ধ হয়নি ওএনজিসির কূপ থেকে গ্যাস নির্গমণ

গুয়াহাটি : মার্কিন বিশেষজ্ঞ দল এলেও শিবসাগরের ভটিয়াপারে ওএনজিসির রিগ থেকে গ্যাস নির্গমণ এখনও বন্ধ হয়নি। যদিও ওএনজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্যাস নির্গমণ আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। গত শুক্রবার আমেরিকা থেকে তিন জনের বিশেষজ্ঞ দলটি শিবসাগর আসে। এরপর থেকেই এই দলটির সদস্যরা নির্গমণ বন্ধ করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ওএনজিসির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, শিবসাগর জেলার ভাটিয়াপারে থাকা আরডিএস ১৪৭ রিগে গ্যাস নির্গমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে রিগ থেকে গ্যাস নির্গমণ অনেক হ্রাস পেয়েছে। তেল নিগমের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পরিস্থিতির প্রাথমিক মূল্যায়ন করে আমেরিকার বিশেষজ্ঞ দলটি ওএনজিসির গ্যাস নির্গমণ রুখতে গ্রহণ করা কৌশলের সঙ্গে সহমত পোষণ করেছে।
উল্লেখ্য, গত ১২ জুন ভাটিয়াপারের বারিচুকে ওএনজিসির রুদ্রসাগর তৈলকূপের রিগ নং এসকেপি ১৩৫-এর ওয়েল নং আরডিএস ১৪৭-এ এই গ্যাস নির্গমণ শুরু হয়। একটি সূত্রে জানা গেছে, এই রিগ থেকে গ্যাস লিকেজের ফলে পার্শ্ববর্তী গ্রামের ৩৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার পর অসম সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২৫ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে।



