Barak UpdatesHappeningsBreaking News
সব ধরনের সেবায় বিরতি, কাছাড়েও এন এইচ এম কর্মীদের অবস্থান ধর্মঘট

ওয়েটুবরাক, ৫ নভেম্বর: সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে তিনদিনের অবস্থান ধর্মঘট পালন করল কাছাড় জেলা এন এইচ এম-এর ৭ শতাধিক কর্মচারী। সম কাজে সম বেতন সহ মোট পাঁচ দফা দাবির স্লোগানে শিলচর সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতাল প্রাঙ্গণ মুখরিত করে তোলেন রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের এএনএম, জিএনএম, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, কম্যুনিটি হেল্থ অফিসার, চিকিৎসক সহ জেলা ও স্বাস্থ্য খণ্ডের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের ম্যানেজমেন্টের সকল স্তরের কর্মকর্তারা। এন এইচ এম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এন ই এ) ও সারা আসাম হেল্থ এন্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আটোয়া)-র কেন্দ্রীয় কমিটি আয়োজিত রাজ্য ব্যাপী এই ধর্মঘট গত সোমবার তিনদিনের সূচি নিয়ে শুরু হয়েছিল।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর অবধি এন এইচ এম-এর কর্মচারীরা কোনও ধরনের রিপোর্টিং করবেন না। অবস্থান ধর্মঘটে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে এন ই এ এবং আটোয়া কর্মকর্তারা জানান, অবস্থান ধর্মঘটের ফলে জেলায় জরুরীকালীন স্বাস্থ্য পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে আই সি ইউ, নিকো, ল্যাবরেটরি, প্রসূতি সেবা, ডেলিভারি, টিকাকরণ, দুর্ঘটনা নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার ইত্যাদির মত অতি জরুরি পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হওয়াতে তাঁরা দুঃখ প্রকাশ করেন। তাঁরা বলেন, দীর্ঘ বছর ধরে দফায় দফায় দাবি জানিয়ে এলেও সরকার তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেনি। তাই এবারের আন্দোলনে প্রথমবারের মতো তারা জরুরিকালীন স্বাস্থ্য পরিষেবা থেকেও হাত গুটিয়ে নিয়েছেন। একদিকে কোভিড যোদ্ধা বলে স্বীকার করছে, অন্যদিকে এন এইচ এম কর্মীদের ন্যায্য প্রাপ্তি থেকে নানা অজুহাতে বঞ্চিত রাখা হয়। তাঁরা বলেন, এবারের আন্দোলনে ফলাফল না আসা পর্যন্ত তারা পিছু হটছেন না। তাঁদের পিঠ এখন দেয়ালে ঠেকেছে বলে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।
তাঁরা জানান, প্রথম দিনের আন্দোলনের পরই ধর্মঘট প্রত্যাহার করে দুটি সংগঠনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সরকার। তবে আন্দোলন প্রত্যাহার করে কোনও আলোচনা নয়, সেটা জানিয়ে দিলে সরকারের আহ্বানে মঙ্গলবার সন্ধ্যায় মিশন সঞ্চালকের সঙ্গে আলোচনা বসেন কেন্দ্রীয় কর্মকর্তারা। কিন্তু সন্তোষজনক কোনও ফল না আসাতে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যজুড়ে আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সংগঠন কর্মকর্তারা।



