NE UpdatesHappeningsCultureBreaking News
‘মায়াবিনী’ পরিবেশন করে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি সোনু নিগমের

গুয়াহাটি, ১৫ ডিসেম্বর : গুয়াহাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী সোনু নিগমের একক লাইভ কনসার্ট। রবিবার রাতে গুয়াহাটির গ্রিনউড রিসোর্টে এই কনসার্টের মাধ্যমে জনপ্রিয় শিল্পী সোনু নিগম তাঁর ‘দিওয়ানা তেরা ট্যুর’-এর সূচনা করেন।
কনসার্টে সোনু নিগম তাঁর বহু জনপ্রিয় গান যেমন ‘আভি মুঝ মে কহি’, ‘কল হো না হো’, ‘দিওয়ানা তেরা’, ‘ম্যায় আগর কহুঁ’, ‘সূরজ হুয়া মাধ্যম’, ‘সন্দেশে আতে হ্যায়’ সহ আরও বেশ কয়েকটি গান পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করে তোলেন। এই কনসার্টে সোনু নিগম অসমের প্রিয় শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। গান থেকে প্রার্থনায় রূপ নেওয়া ‘মায়াবিনী’ গানটি পরিবেশন করে তিনি জুবিন গার্গকে স্মরণ করেন। সোনু নিগমের কণ্ঠে ‘মায়াবিনী’ শুনে আবেগে ভেসে যান উপস্থিত শ্রোতারা।
অনুষ্ঠানের আগে সোনু নিগম বলেন, ‘অসম আলাদা। এখানে পরিবেশন করার অর্থ হলো জ্ঞানী ও সংগীতপ্রেমী মানুষের সামনে পারফর্ম করা।’ তিনি আরও বলেন, ‘অসম আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। এখানকার মানুষ সংগীত জানে এবং বোঝে। অসমে অনুষ্ঠান পরিবেশন করা আমার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা।’
অসমবাসীদের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনা সম্পর্কে তিনি বলেন, ‘আমার প্রতি মানুষের যে অপরিসীম ভালোবাসা প্রকাশ পেয়েছে, তা এই রাজ্যের প্রতি আগে থেকেই থাকা গভীর সম্মান ও ভালোবাসাকে আরও গভীর করে তুলেছে। গুয়াহাটি শহরটি এখন আমার হৃদয়ের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হয়ে পড়েছে।’
জুবিন গার্গের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে সোনু বলেন, জুবিন গার্গের সঙ্গে তাঁর বন্ধুত্ব ১৯৯৭ সাল থেকেই। বহু মধুর স্মৃতির মাধ্যমে জুবিন গার্গ তাঁকে অসমের সঙ্গে যুক্ত করে রেখেছিলেন। অসমে জুবিনের সঙ্গে প্রথম সাক্ষাতের পর থেকেই অসংখ্য স্মৃতি রয়েছে তাঁর। কিন্তু হঠাৎ কী ঘটে গেল, তা বুঝে ওঠার সাহস এখনও জোগাড় করতে পারেননি তিনি। জুবিন গার্গের প্রতি অসমের মানুষের যে অপরিসীম ভালোবাসা ও শ্রদ্ধা সবসময়ই প্রকাশ পেয়েছে, তা তিনি অকপটে স্বীকার করেন।
উল্লেখ্য, প্রখ্যাত সংগীতশিল্পী সোনু নিগমের কনসার্ট দেখতে রবিবার হাজার হাজার দর্শকের ভিড় জমে। সোনু নিগমের গানের তালে তালে অনুরাগীরা নেচে ওঠেন। গুয়াহাটির পর ইন্দোর, জয়পুর ও লখনউয়ে সোনু নিগম লাইভ কনসার্ট করবেন।



