Barak UpdatesHappeningsCultureBreaking News
প্রকাশিত হলো চিত্রভানু ভৌমিকের ‘নাটক সংগ্রহ’

ওয়েটুবরাক, ১০ মার্চ: এ পর্যন্ত আশিটি নাটক লিখেছেন চিত্রভানু ভৌমিক। ফলে তাঁর নাটকের একটি সংকলন আরও আগে থেকেই আশা করছিলেন এই অঞ্চলের নাট্যমোদি জনতা। চিত্রভানুও সেটাই চাইছিলেন। উদ্যোগও নিয়েছেন বেশ ক-বার। কিন্তু বারবার নানা প্রতিবন্ধকতার দরুণ কাজ আর এগোয়নি। শেষ পর্যন্ত রবিবার তাঁর ‘নাটক সংগ্রহ’ গ্রন্থের উন্মোচন হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল ও নাট্যকার-নাটককার ইন্দ্রনীল দে একযোগে মোড়ক খুলে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন।
চিত্রভানু ভৌমিকের যে মাটির সঙ্গে সম্পর্ক, বক্তব্য রাখতে গিয়ে সেকথা সকলেই উল্লেখ করেন। তপোধীর ভট্টাচার্য বলেন, কেন যে এই সংকলন আরও আগে হলো না! তাঁর কথায়, আমরা যে যে শিল্পমাধ্যমেই থাকি না কেন, পিছিয়ে নেই মোটেও। আমাদের নাট্যকাররা তাঁদের ক্ষমতা প্রমাণ করেছেন। ফলে কলকাতায় গিয়ে আমাদের প্রমাণের কী আছে! কেন আমরা নিজেদের গুটিয়ে রাখি! অকারণে নিজেকে গুটিয়ে রাখা, আড়ষ্টতা মেনে নেওয়া যায় না।
মূল আলোচক বিশ্বতোষ চৌধুরী বলেন, চিত্রভানু ভৌমিকের নাটক দেশজ। তাঁর নাট্যদর্শন জীবনদর্শনও। তিনি নাটকে হৃদয়ের সংবেদনশীলতার কথা বলেন। তাই তাঁর লেখা নাটক মসৃণ গতিতে এগোয়।
দীর্ঘদিন ধরে চিত্রভানু ভৌমিকের নাটক সংকলনের অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন ইন্দ্রনীল দে। তিনি বলেন, বরাক উপত্যকার মানুষ তাঁর নাটকের সঙ্গে একাত্মতা বোধ করেন। ভৌগোলিক অবস্থানে বরাকের হলেও তাঁর নাটক “বাংলা নাটক ও বাংলা সাহিত্যের সম্পদ”। ইন্দ্রনীলের কথায়, “ঝুমুরদা (চিত্রভানু ভৌমিক) দেখালেন, ব্রাত্যজনের মুখের ভাষায় নাটক লেখা যায়।”
নিখিল পাল শোনান, রূপমের একাঙ্ক নাটক প্রতিযোগিতার প্রভাব রয়েছে আজকের নাট্য পরিসরে। অনুষ্ঠানের শুরুতেই চিত্রভানু ভৌমিক জানান, বহু আগেই সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তিনি। কিন্তু বারবার নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। শেষে উদ্যোগ নেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. অনীত রায়। তিনিই গ্রন্থটি সম্পাদনা করেন।
রবিবার বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দশরূপকের অভিনেতা শিবশঙ্কর দত্তরায়। তিনিই ঘোষণার ফাঁকে জানান, “ঝুমুরদা এ পর্যন্ত আশিটি নাটক লিখেছেন। সেখান থেকে দশটিকে বেছে নিয়ে তৈরি হয়েছে এই নাটক সংগ্রহ।” অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুদীপ্তা ভট্টাচার্য।


