Barak UpdatesHappeningsBreaking News
মালুগ্রাম মহাপ্রভু কলোনির প্রাচীন পুকুর জবরদখলের বিরুদ্ধে নাগরিক সভা, প্রতিবাদ

ওয়েটুবরাক, ১৬ ফেব্রুয়ারি: মহাপ্রভু কলোনি কমিউনিটি পন্ড ব্লক বি ডেভেলপমেন্ট সোসাইটির আহ্বানে রবিবার অনুষ্ঠিত নাগরিক সভায় কলোনির ৭০ বছরের প্রাচীন পুকুরের জমি জবরদখলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাধবেন্দ্র রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শ্যামসুন্দর দত্ত পুরকায়স্থ, প্রাক্তন সভাপতি তপজ্যোতি ভট্টাচার্য, শিক্ষাবিদ সন্তোষ চক্রবর্তী ও গ্রিন অরণ্য সংস্থার সভাপতি বিমলেন্দ্র রায়। সভাটি পরিচালনা করেন রূপালী দত্ত।
সভার মূল আলোচনা ছিল মহাপ্রভু কলোনি ব্লক বি’র পুকুর সংরক্ষণ, জল বিশুদ্ধতা রক্ষা ও গার্ডওয়াল নির্মাণ। শ্যামসুন্দর দত্ত পুরকায়স্থ জানান, ৪ বিঘা ৪ কাঠা জমিতে ১৬ পরিবার বাস করে এবং এখন পুকুরের জমি জবরদখলের চেষ্টা চলছে।
তপজ্যোতি ভট্টাচার্য বলেন, ১৯৫৬ সালের ৩ এপ্রিল দলিলসহ জমি ১৯৪৭-এর দেশভাগোত্তর ছিন্নমূল শরণার্থীদের জন্য বিক্রিত; পূর্বসুরীরা পানীয় জলের জন্য পুষ্করিণী খনন করেন, কিন্তু এখন ভুয়া ডকুমেন্টে বেআইনি দখল চলছে। শ্যামসুন্দর দত্ত পুরকায়স্থ গার্ডওয়াল নির্মাণের প্রস্তাব দেন। বিমলেন্দ্র রায় বলেন, পুকুর জনসমস্যা সমাধানে অপরিহার্য; ক্ষিতিশ আদিত্য সহ অন্যানরা ওয়েট ল্যান্ড প্রটেকশন এক্ট উল্লেখ করে জমি মাফিয়ার বিরুদ্ধে গণআন্দোলন আহ্বান জানান।

প্রাক্তন পৌর কমিশনার অলক কর, রাজকুমার মজুমদার, বাসুদেব শর্মা, ডাঃ প্রবাল পাল চৌধুরী, নীলাক্ষ চৌধুরী, কাজল চক্রবর্তী, জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য সহ সকলে তাতে সমর্থন জানান। অন্যান্য বক্তাদের মধ্যে সরস্বতী বিদ্যানিকেতনের সভাপতি ডা. বিশ্বজিৎ পুরকায়স্থ, ডেফোডিলস স্কুলের পক্ষে দিব্যেন্দু দে, মালুগ্রাম অ্যাপলস ক্লাবের সভাপতি অর্চিতেন্দু দাস (কিষান), কিশোর ভট্টাচার্য, ডা. বিভাস চৌধুরী, সঞ্জীব রায় প্রমুখ। সভায় মালুগ্রামে এমন ঘটনা অভূতপূর্ব বলে সতর্ক করে নাগরিক সচেতনতা, ডকুমেন্টারি প্রমাণ সংগ্রহ, আইনি লড়াই, ওয়েটল্যান্ড আইন প্রয়োগ ও গণআন্দোলনের প্রস্তাব পাস হয়। সভাশেষে সর্বসম্মতিতে মহাপ্রভু কলোনি কমিউনিটি পন্ড উন্নয়ন সোসাইটির অধীনে পুকুর সংরক্ষণ ও উন্নয়ন পরিচালনা কমিটি গঠিত হয়। আহ্বায়ক বন্দিতা ত্রিবেদী, সদস্যদের মধ্যে রয়েছেন সন্তোষ চক্রবর্তী, বিমলেন্দু রায়, বাসুদেব শর্মা, কিশোর ভট্টাচার্য, অলক কর, সঞ্জীব রায়, আর্চিতেন্দু দাস (কিষান), ভবানী ভট্টাচার্য, হিমাংশু ঘোষ প্রমুখ।



