India & World UpdatesHappeningsBreaking News
ইউনিফায়েড পেনশন স্কিমে সাড়া মিলছে না, অস্বস্তিতে কেন্দ্র

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল: ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে কেন্দ্রীয় কর্মীদের প্রবল ক্ষোভ ও বিরোধীদের আক্রমণের জেরে বিপাকে পড়ে মোদি সরকার বিকল্প প্রক্রিয়া ঘোষণা করলেও সেই ইউনিফায়েড পেনশন স্কিমে আগ্রহ নেই কেন্দ্রীয় কর্মীদের। ১ এপ্রিল থেকে চালু হয়েছে এই নয়া প্রকল্প। কিন্তু দেশজুড়ে এখনও পর্যন্ত মাত্র ১৫০০ জন কর্মী নতুন বিকল্প স্কিমে যোগদানের আবেদন করেছেন। এই আবেদন করার শেষ সময়সীমা ৩০ জুন। কিন্তু এখনও পর্যন্ত নামমাত্র সাড়া মেলায় যথেষ্ট অস্বস্তিতে কেন্দ্র। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীর সংখ্যা প্রায় ৪৮ লক্ষ। তার মধ্যে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় গ্রাহক ২৭ লক্ষ।
প্রসঙ্গত, ২০০৪ সালের পর কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগদানকারীরা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় আসতে পারেন। ওই সময়সীমার আগে যোগদানকারীদের জন্য রয়েছে সাধারণ পেনশন ব্যবস্থা। ন্যাশনাল পেনশন স্কিমে অবসরের পর যথেষ্ট বেশি পেনশন পাওয়া যায় না। এই অভিযোগ দীর্ঘদিনের। কংগ্রেস ২০১৪ সালের পর থেকে একের পর এক নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে এসেছে তারা ক্ষমতাসীন হলে ন্যাশনাল পেনশন স্কিম বন্ধ করে দেবে। আবার পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনবে। এই পরিস্থিতিতে মোদি সরকার এবং বিজেপি যথেষ্ট চাপে ছিল। এরপরই আরও ভালো পেনশন ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে নতুন ইউনিফায়েড পেনশন স্কিম এনেছে মোদি সরকার। নতুন ব্যবস্থায় বলা হয়েছে অবসরের সময় পাওয়া শেষ ১২ মাস ধরে পাওয়া মূল বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন পাওয়া যাবে। এজন্য ২৫ বছর চাকরির সময়সীমা থাকতে হবে। ন্যাশনাল পেনশন স্কিম অনুযায়ী, অবসরের পর ৬০ শতাংশ টাকা গ্রাহক প্রত্যাহার করে নিতে পারবেন, যা করমুক্ত। ৪০ শতাংশ টাকা রাখতে হবে অ্যানুয়িটি হিসেবে, যা পেনশন দেবে। কিন্তু নতুন ব্যবস্থা যে কর্মীদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, তা আবেদনের সংখ্যাতেই প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে।



