NE UpdatesHappeningsBreaking News
জুবিন গর্গের মৃত্যুর দিন অসুস্থতার কোনও লক্ষণ দেখেননি, দাবি অমৃতপ্রভা মহন্তের

ওয়েটুবরাক, ১৫ অক্টোবর: সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর দিন কী ঘটেছিল, তা নিয়ে মুখ খুললেন অমৃতপ্রভা মহন্ত। তিনি জানিয়েছেন, প্রয়াত শিল্পী সাঁতার কাটতে যাওয়ার আগে তাঁর আচরণে বা শারীরিক অবস্থায় অস্বাভাবিক কিছু নজরে পড়েনি।
“কেন এমনটা ঘটল, কীভাবে ঘটল, তা নিয়ে ভাবতে ভাবতে এখন আমার মনে হয়েছে, এটাই হয়তো তাঁর নিয়তি ছিল। দলের প্রত্যেকেই তাঁর ওষুধপত্র নিয়ে চিন্তিত ছিলেন। ওষুধ খাওয়ার কথা তাঁকে মনে করিয়ে দিতে বলেছিলেন তিনি।”
অমৃতপ্রভার কথায়, “কারও শরীর খারাপ থাকলে তা কিছুটা আঁচ করা যায়। কিন্তু সেদিন আমার তেমন কিছুই মনে হয়নি। বরং তাঁকে বেশ খুশিই দেখাচ্ছিল। জুবিনদা নিজের ইচ্ছাতেই আমাদের সাঁতার কাটতে নিয়ে গিয়েছিলেন। তাঁর ইচ্ছাকে আমি সম্মান করতাম। তিনি কী করতে চাইছেন, তা নিয়ে কখনও আপত্তি জানাইনি। তাছাড়া, আমি তখন দলের নতুন সদস্য ছিলাম।”
অসমের গায়িকা ও পারফর্মিং আর্টিস্ট অমৃতপ্রভা মহন্ত প্রয়াত জুবিন গর্গের সহশিল্পী ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে জুবিন গর্গের মৃত্যুর সেই সিঙ্গাপুর সফরে অমৃতপ্রভাও তাঁর সঙ্গে ছিলেন। ওই মৃত্যুর ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ২০২৫ সালের অক্টোবর মাসে অমৃতপ্রভাকে গ্রেফতার করে। এই মামলায় তিনি সাত অভিযুক্তের অন্যতম।
এ সপ্তাহেই তিনি জামিন পেয়ে হাফলঙ জেল থেকে মুক্তি পেয়েছেন। এর পর গতকাল জামিনের শর্ত মেনে ফাস্ট ট্র্যাক কোর্টে গিয়ে হাজিরা দেন।



