India & World UpdatesHappeningsBreaking News
নেপালে বিদেশি সাংবাদিকদের নিষেধাজ্ঞায় বাঁধল বলেন্দ্র সরকার
ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর: নেপালে বিদেশি সংবাদমাধ্যমগুলির জন্য নির্দেশিকা জারি করল বলেন্দ্র শাহর সরকার। যেখানে বলা হয়েছে, আগাম অনুমতি না নিয়ে বন্যা বিধ্বস্ত অঞ্চলে সংবাদ সংগ্রহ করতে যেতে পারবেন না বিদেশি সাংবাদিকরা। এর জন্য সরকারি অনুমতিপত্র এবং পর্যাপ্ত নথিপত্র থাকতে হবে বিদেশি সাংবাদিকদের।
নেপালের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভোটেকোশি ও ত্রিশূলী নদীর তিরবর্তী অঞ্চলে সংবাদ সংগ্রহ করতে গেলে বিদেশি সাংবাদিকদের অবশ্যই দপ্তর থেকে অ্যাক্রেডিটেশন নিতে হবে। এর জন্য বিশেষ সরকারি পোর্টালে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট সাংবাদিককে। আবেদনপত্রের সঙ্গে বৈধ ভিসা বা প্রবেশ অনুমতিপত্রসহ পাসপোর্টের অনুলিপি জমা দিতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট গণমাধ্যম সংস্থার সুপারিশপত্র এবং যে দেশ থেকে সাংবাদিক আসছেন সেখানকার দূতাবাস বা বিদেশমন্ত্রকের সুপারিশপত্র জমা দিতে হবে সাংবাদিককে। এবং সর্বোপরি তিনি যে সাংবাদিক সেই পরিচয়পত্র দেখাতে হবে বিদেশি নাগরিককে।


