ওয়েটুবরাক, ১৩ ডিসেম্বর: “দশ হাজার টাকা কেন, ভোটার পিছু এক লক্ষ টাকা দিলেও মিঞা মুসলমানরা আমাকে ভোট দেবেন না৷” খোলামেলা এ কথা বললেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷
দিল্লিতে ‘এজেন্ডা আজতক’ অনুষ্ঠানে যোগ দিয়ে হিমন্ত বলেন, এর কারণও রয়েছে৷ “আমার আমলে মিঞা মুসলমানরা শান্তিতে থাকতে পারছেন না৷ যারা বনবিভাগের জমিতে বসবাস করছেন, তাদের উচ্ছেদ করা হচ্ছে, বাল্যবিবাহ-বহুবিবাহে জড়িতদের জেলে পাঠানো হচ্ছে৷ ফলে তাদের ভোট আশা করে লাভ নেই৷”
তবে হিমন্তর দাবি, ভারতীয় মুসলমানরা বিজেপিকেই ভোট দেন৷ কিন্তু তারা সংখ্যায় খুব কম৷ পরিসংখ্যান তুলে ধরে নিজের বক্তব্যে হিমন্ত জানান, “অসমে ভারতীয় মুসলমানদের হার মাত্র ৩ থেকে ৪ শতাংশ৷ বাকিরা সংখ্যায় বিশাল ৷ তবু তাদের ভোট আমার চাই না৷”
হিন্দু-মুসলমান নির্বিশেষে সরকারি সুযোগসুবিধা মিলছে, নানা আইন প্রণয়নে মুসলমান মহিলারা উপকৃত হচ্ছেন৷ “ফলে তাঁরা আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভালবাসেন বটে, কিন্তু তারা আমাকে ভোট দিতে পারেন না৷ কারণ মুসলমানদের নিজের মতো করে ভেবেচিন্তে ভোট দেওয়ার সুযোগ নেই৷ ভোটের আগের জুম্মাবারে জামাতে ঠিক হয়, কোন এলাকায় কাকে ভোট দেবেন তাঁরা৷”
তবে এ নিয়ে চিন্তায় নেই বিজেপি নেতা বিশ্ব শর্মা৷ তাঁর কথায়, মহিলাদের স্বাবলম্বী করে তোলা, ছাত্রীদের বিনা মাশুলে স্নাতকোত্তর পর্যন্ত পড়ার সুযোগ ইত্যাদি নানা প্রকল্প যেমন রয়েছে, তেমনি অসমে অসমিয়াদের অস্তিত্ব, ভাষা-সংস্কৃতি সুরক্ষার জন্য ভোটাররা তাঁকে বেছে নেবেন বলে আশাবাদী হিমন্ত৷ তবে তিনি অহঙ্কারী হতে চান না৷ বলেন, ভোটের মাধ্যমে অসমের নাগরিকরা সরকার গঠনের দায়িত্ব দেবেন৷ কাকে দেবেন তারা, তা তাঁরাই চূড়ান্ত করবেন৷