Barak UpdatesHappeningsBreaking News
নিখিলবঙ্গের অধিবেশনে পুরস্কৃত সত্যজিত্ নাথ

ওয়ে টু বরাক, ১০ আগস্ট : নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলেন হাফলং শাখা আয়োজিত ‘জগন্নাথ চক্রবর্তী স্মৃতি ছোটগল্প প্রতিযোগিতা’য় প্রথম পুরস্কার পেলেন গল্পকার সত্যজিৎ নাথ। রবিবার স্থানীয় কালচারাল ইনষ্টিটিউট হলে অনুষ্ঠিত নিখিলবঙ্গের ত্রয়োদশ বার্ষিক অধিবেশনে তাঁর হাতে পুরস্কার, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট কবি ড॰ সুমন গুণ। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে দেবযানী ভট্টাচার্য ও নিরুপম পাল।
প্রথম পুরস্কার জয়ী সত্যজিৎ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই প্রথমবার কোনও সাহিত্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। আর সেটাও যাঁর নামে প্রতিযোগিতা আয়োজিত হয়েছে সেই জগন্নাথ চক্রবর্তীর নাম দেখে। প্রয়াত গবেষক ও সাহিত্যিক জগন্নাথ চক্রবর্তীর সঙ্গে তাঁর এক অন্তরঙ্গ সম্পর্ক ছিল, আর তাই এ পুরস্কার তিনি জগন্নাথ চক্রবর্তীকেই উত্সর্গ করেছেন বলে জানালেন সত্যজিৎ।
বার্ষিক অধিবেশন উপলক্ষে সারা দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সংগঠনের পতাকা উত্তোলন, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি ও লোকনৃত্য প্রতিযোগিতা, সাহিত্য অধিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। শাখার সভাপতি শ্যামানন্দ চৌধুরী অধিবেশনে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



