India & World UpdatesHappeningsBreaking News
ফের হেলিকপ্টার দুর্ঘটনা, ৭ জনের মৃত্যু

১৫ জুন : ফের হেলিকপ্টার দুর্ঘটনার খবর। গুপ্তকাশী থেকে কেদারনাথ যাওয়ার পথে গৌরীকুণ্ড সোনপ্রয়াগের জঙ্গলে রবিবার ভোরে দুর্ঘটনার মুখে পড়ল আরিয়ান এভিয়েশন কোম্পানির একটি হেলিকপ্টার। এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌছেছে উদ্ধারকারী দল। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী।
জানা গেছে, সকাল ৫টা ১৭ মিনিটে আরিয়ান এভিয়েশন কোম্পানির একটি হেলিকপ্টার গুপ্তকাশীর হ্যালিপেড থেকে ভক্তদের নিয়ে কেদারনাথ অভিমুখে রওনা হয়েছিল। এতে পাইলট সহ মোট ৭ জন যাত্রী ছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য এই হেলিকপ্টারটি অন্য একটি স্থানে জরুরিভাবে অবতরণ করার চেষ্টা চালায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা করতে না পেরে এটি দুর্ঘটনার মুখে পড়ে।
এই ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী বলেন, রুদ্রপ্রয়াগে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে একটি দুঃখজনক খবর পেয়েছি। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন ও অন্য উদ্ধারকারী দল ইতিমধ্যে উদ্ধারকার্যে নেমে পড়েছে। সব যাত্রীর মঙ্গলের জন্য কেদারনাথকে প্রার্থনা জানাচ্ছি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হেলিকপ্টারের পাইলট ছিলেন ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান। এছাড়াও অন্য ৬ জন যাত্রীর মধ্যে উত্তরপ্রদেশের ২ জন, মহারাষ্ট্রের ২ জন, উত্তরাখণ্ড ও গুজরাটের ১ জন করে যাত্রী ছিলেন। এর আগে গত ৭ জুন কেদারনাথগামী অন্য একটি হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েছিল। যান্ত্রিক ত্রুটির জন্য হেলিকপ্টারটিকে জাতীয় সড়কে নামাতে বাধ্য হয়েছিলেন পাইলট। তবে চালক ছাড়া বাকি সব যাত্রীই অক্ষত ছিলেন।



