Barak UpdatesHappeningsBreaking News
প্রয়াগরাজেই সম্পন্ন নীতীরঞ্জন পালের অন্ত্যেষ্টিক্রিয়া

ওয়েটুবরাক, ৩০ জানুয়ারিঃ কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত অসমের হাইলাকান্দি জেলার বাঙালি ব্যবসায়ী নীতীরঞ্জন পালের শেষকৃত্য বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াগরাজ মহাশ্মশানে সম্পন্ন হয়। তাঁর একমাত্র পুত্র শুভ বুধবার পিতার মৃত্যুর খবর পেয়েই প্রয়াগরাজের উদ্দেশে রওয়ানা হয়ে যান। বৃহস্পতিবার গুয়াহাটি থেকে বিমানে প্রয়াগরাজে পৌঁছান। ততক্ষণে নীতীরঞ্জন পালের দেহ হাসপাতাল থেকে প্রয়াগরাজের ভারত সেবাশ্রম সংঘে নিয়ে আসা হয়। সংঘের মহারাজরাই তাঁর অন্ত্যেষ্টির যাবতীয় ব্যবস্থা করেন। স্ত্রী গায়ত্রী এবং দুই ভাই তরুণ-তাপস নীতীরঞ্জনের সঙ্গেই মঙ্গলবার রাতে অমৃতস্নানের উদ্দেশে বেরিয়েছিলেন। ঠেলাধাক্কায় নিজেকে সামলে রাখতে পারেননি ৬৩ বছরের নীতীরঞ্জন।
প্রসঙ্গত, বুধবার কথা হয়েছিল, প্রয়াগরাজ থেকে মৃতদেহ বিমানে শিলচরে নিয়ে আসা হবে, এখান থেকে সড়কপথে তাঁর হাইলাকান্দির হার্বাটগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে সিদ্ধান্ত বদলে পুত্র শুভই প্রয়াগরাজে চলে যান।



