NE UpdatesHappeningsBreaking News
হিল্লোল ভট্টাচার্য এআইডিএসওর রাজ্য সভাপতি নির্বাচিত, হেমন্ত সম্পাদক
তিন দিনের সম্মেলনে ছাত্র আন্দোলন তীব্রতর করার সঙ্কল্প

ওয়েটুবরাক, ২ জুন : জাতীয় শিক্ষা নীতি, ২০২০ বাতিল করা, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করা সহ ১৭ দফা দাবিতে এ আই ডি এস ও’র আসাম রাজ্য কমিটির উদ্যোগে তেজপুরের হেমবরুয়া ভবনে ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত তিন দিনের রাজ্য ছাত্ৰ সম্মেলনের সমাপ্তি ঘটে সোমবার।
এই সম্মেলনে এ আই ডি এস ও’র আসাম রাজ্য কমিটি পুনর্গঠিত হয়। কাছাড়ের হিল্লোল ভট্টাচাৰ্য রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন। যোরহাটের হেমন্ত পেগু হলেন সম্পাদক । মোট ৭৫ জনের রাজ্য কাউন্সিল ও ৩৬ জনের রাজ্য কমিটি গঠন করা হয়।
৩১ মে সম্মেলনের প্রথম দিনে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। ১ ও ২ জুন হয় প্ৰতিনিধি সভা। রাজ্যের বিভিন্ন জেলার তিন শতাধিক ছাত্র ছাত্রী প্রতিনিধি সভায় উপস্থিত থাকে। সভায় উত্থাপিত মূল রাজনৈতিক প্ৰস্তাবের উপর ৫৭ জন প্ৰতিনিধি অংশ গ্রহণ করেন। এছাড়াও আসামের বন্যা সমস্যার বিজ্ঞানসন্মত সমাধানের ও বিদেশি শনাক্তকরণের নামে প্ৰকৃত ভারতীয় নাগরিকদের হয়রানি বন্ধের দাবিতে দুটাে প্ৰস্তাব গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ১ জুন ১১ টায় “উত্তর পূৰ্ব ভারতে শিল্পোন্নয়নের সম্ভাবনা ও বেকার সমস্যা সমাধান” শীৰ্ষক এক আলোচনা সভায় মেঘালয়, ত্ৰিপুরা, মনিপুর, অরুণাচলপ্ৰদেশ, মিজোরামের ছাত্রছাত্রী সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আলোচনায় অংশগ্ৰহণ করেন। ২ জুন প্ৰতিনিধি সভায় বক্তব্য রাখেন সৰ্বভারতীয় কাউন্সিলের সভাপতি সৌরভ ঘোষ। তিনি বলেন, ছাত্ৰ সমাজের নীতি নৈতিকতা ভেঙে দেওয়ার চেষ্টা সরকার করছে। এর বিরুদ্ধে শক্তিশালী ছাত্ৰ আন্দোলন গড়ে তুলে সত্যিকার অর্থে মানুষ সৃষ্টির সংগ্রামে লিপ্ত হতে তিনি আহ্বান জানান।
প্ৰতিনিধি সভার মুখ্য বক্তা হিসেবে এস ইউ সি আই (সি) দলের পলিটব্যুরো সদস্য অসিত ভট্টাচাৰ্যই শারীরিক কারণে উপস্থিত থাকতে না পেরে ভিডিও যোগে তাঁর বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, এ আই ডি এস ও’র আসাম রাজ্য কমিটির ৫ ম রাজ্য ছাত্ৰ সম্মেলন আসামের কঠিন রাজনৈতিক, সামাজিক পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ধ্বংসের বিরুদ্ধে ছাত্ৰ সমাজকে জাত-পাত-ধর্ম- বৰ্ণ নিৰ্বিশেষে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হতে বলেন। আসামের উগ্ৰ প্ৰাদেশিকতাবাদ ও বিভাজনবাদের চিন্তাকে প্ৰতিটি সরকার উৎসাহিত করছে ও আসামের ছাত্ৰ সমাজকে এসব চিন্তা আচ্ছন্ন করে রেখেছে। তিনি দেশে পুঁজিবাদী শাসন শোষণকে মজবুত করতে বর্তমান বিজেপি সরকারের প্রণয়ন করা জাতীয় শিক্ষা নীতি -২০২০ এবং মনুষ্যত্ব ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সঠিক বামপন্থী ছাত্ৰ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।



