India & World UpdatesHappeningsBreaking News

৩০০ মিটার গভীর খাদে বাস, ভয়াবহ ঘটনা হিমাচল প্রদেশে

ওয়েটুবরাক, ১০ জানুয়ারি: হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৪ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।

একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। বহু যাত্রী বাসের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিলেন, তাঁদের উদ্ধারকারীরা তড়িঘড়ি বের করেন।

খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তৎক্ষণাৎ ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পাশাপাশি খাদ থেকে মৃতদেহ উদ্ধারের কাজও চালানো হয়। এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিরমৌরের পুলিশ সুপার নিশ্চিন্ত সিং নেগি বলেন, ‘পুরোদমে উদ্ধারকাজ জারি রয়েছে। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।’

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘটনায় শোকপ্রকাশ করেন। তিনি সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘সিরমৌর জেলার হরিপুরধারে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমি শোক প্রকাশ করছি। যাঁদের এই ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সরকার পরিবারের পাশে আছে।’ আর্থিক ভাবে যাতে সকলকে পূর্ণ সমর্থন দেওয়া হয় সরকারকে সেই নির্দেশ দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker