Barak UpdatesCultureBreaking News

২৬ মে ধামাইল দিবস, প্রস্তুতি চূড়ান্ত সম্মিলিত লোকমঞ্চের

ওয়ে টু বরাক, ২১ মে : বরাক উপত্যকার লোক সংস্কৃতি বিষয়ক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী ২৬ মে শিলচরে উদযাপিত হতে চলেছে ধামাইল দিবস। অনুষ্ঠান আয়োজিত হবে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে, সকাল ১১টা থেকে। মঙ্গলবার সন্ধ্যায় সম্মিলিত লোকমঞ্চের সহ-সভাপতি সুপ্রদীপ দত্তরায়ের পৌরহিত্যে শিলচরে আয়োজিত বৈঠকে এনিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়।

সংস্থার সহ-সভাপতি সুপ্রদীপ দত্তরায় বলেন, ‘লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ ধামাইলের সংরক্ষণ, প্রচার ও প্রসারের জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে সম্মিলিত লোকমঞ্চ। আমরা প্রতিবছর ডিসেম্বরে ধামাইল উৎসব ও ধামাইল কন্যা প্রতিযোগিতা আয়োজন করে থাকি, যার মূল উদ্দেশ্য ধামাইলকে এগিয়ে নিয়ে যাওয়া।’ ২৬ শে মে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধামাইল দিবস উদযাপিত হচ্ছে এবং আমরাও প্রতিবছর এই অনুষ্ঠান করে থাকি, এবছরও করছি বলে জানান সুপ্রদীপ। তিনি বলেন, ‘আমরা সংস্থার পক্ষ থেকে আসামের মূখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মার নিকট দাবি রাখছি উনি যেন ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য পদক্ষেপ গ্রহণ করেন।’

এদিন সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস বলেন, ধামাইল দিবসের অনুষ্ঠানে আমরা বরাক উপত্যকার বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেন, এদিন অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের হাত ধরে হবে প্রদীপ প্রজ্জ্বলন। ভাস্কর বাবু জানান, অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ধামাইল নৃত্য পরিবেশন করতে আসছেন বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির শিল্পীরা। বরাক উপত্যকার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত ধামাইলকে আন্তর্জাতিক আঙ্গিনায় নিয়ে যেতে বিহু ও ঝুমুর নৃত্যের ন্যায় বরাক উপত্যকায়ও যাতে বৃহৎ আকারে ধামাইল নৃত্য আয়োজন করা হয় তারজন্য আসাম সরকারের নিকট পুনরায় দাবি জানানো হবে বলে জানান তিনি।

সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস বলেন, ধামাইলের জনক স্বর্গীয় রাধারমণ দত্তের জন্মদিন ২৬ মে ‘ধামাইল দিবস’ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে আমাদের এখানেও উদযাপিত হবে এবং এই অনুষ্ঠানের জন্য আমাদের প্রস্তুতি একপ্রকার চূড়ান্ত। তিনি বলেন গতবছর আমরা রাজ্যের মূখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ধামাইল দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছিলাম এবং এবছর পুনরায় দাবি জানাবো। আমরা আমাদের দাবি থেকে এক চুলও সরছি না, মন্তব্য কানাইলাল দাসের।

উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপ-সভাপতি গৌরী শঙ্কর নাথ, কোষাধ্যক্ষ ঝিমলি নাথ, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, প্রচার সম্পাদক কমলেশ দাশ, সদস্য যথাক্রমে রাজশ্রী নাথ, জয়শ্রী নাথ, রূপা ভৌমিক, মৌলি চক্রবর্তী, অমিতা নাথ, বেলা শুক্লবৈদ্য প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker