Barak UpdatesHappeningsBreaking News
২১ ডিসেম্বর শিলচরে বরাক কার্নিভাল, আসছেন পপ-রেপ-রক স্টাররা

ওয়েটুবরাক, ৬ ডিসেম্বর: আগামী ২১ ডিসেম্বর শিলচরের গান্ধী মেলার মাঠে বরাক কার্নিভালের আয়োজন করা হয়েছে। আয়োজক বরাক ইভেন্টস-র সভাপতি সুদীপ সিনহা ও কোষাধ্যক্ষ রাজর্ষি সিনহা শুক্রবার সাংবাদিকদের জানান, ২১ তারিখে বেলা সাড়ে বারোটায় গেট খুলে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠান দেড়টায়। আধঘণ্টার এই পর্ব শেষ হলেই চলতে থাকবে গানবাজনা, খাওয়া-দাওয়া, কেনাকেটা ইত্যাদি।
সুদীপ বললেন, এখন স্থানে স্থানে কার্নিভাল হচ্ছে। পাশের জেলা ডিমা হাসাওয়েও হয় জাটিঙ্গা উৎসব, ফ্যালকন কার্নিভাল। তাই তাঁরাও শিলচরে এই উদ্যোগ নিয়েছেন। মূলত যুবসমাজকে টার্গেট গ্রুপ ধরেই সাজানো হয়েছে নানা কার্যক্রম।
কার্নিভালের আকর্ষণ হিসেবে তাঁরা তুলে ধরেন দশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং পপ-রেপ-রক সঙের কথা। দশ জনগোষ্ঠীর ঐতিহ্যগত নৃত্য যেমন থাকবে, তেমনি থাকবে তাঁদের পরম্পরাগত খাবারের স্টল। আসছেন গুয়াহাটির “শুন লো না”-খ্যাত পপস্টার সুজন, ২০২৪-র হর্নবিল উৎসবের চ্যাম্পিয়ন কোহিমার রক-টিম ‘ফিলথ নোট’, সিলেটি রেপের জন্য এই অঞ্চলে জনপ্রিয় শিলঙের লিও বয়েজ এবং লোকাল টিম ডাইক্রোমেটিক্স। গাইবেন শিলচরের ‘নিউ এজ মিউজিক্যাল সেনসেশন’ বেদিকা সিনহাও।
মাঠে থাকবে ২০টি স্টল। ট্যাটু আঁকার সঙ্গে বেকারি, জুয়েলারি শো-রুমও। টাইটান এই কার্নিভালের টাইটেল স্পন্সরার। ফলে শো-রুম থাকবে তাদেরও, জানান রাজর্ষি।
এতসব আয়োজনের সাক্ষী হতে আগেভাগে টিকিট কেটে নিতে আহ্বান জানিয়েছেন তাঁরা। ‘স্কিলবক্সেস ডটকমে’ অনলাইন টিকিট বুকিং শুরু হয়েছে। এ ছাড়াও টিকিটের জন্য তাঁদের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে বলে জানিয়েছেন রাহুল সিনহা, বাবলু সিনহা, প্রতীক সিনহা, পঙ্কজ কান্তি সিনহা-রা।



