Barak UpdatesHappeningsSportsBreaking News
সোমবার শিলচরে রোটারি ক্লাব আয়োজিত প্রাইজমানি ওয়াকাথন

ওয়েটুবরাক, ২১ ফেব্রুয়ারি: বিশ্বশান্তি ও পারস্পরিক বোঝাপড়ার আহ্বান জানিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি, সোমবার ওয়াকাথনের আয়োজন করেছে শিলচর রোটারি ক্লাব। এ শুধুই হাঁটা প্রতিযোগিতা নয়, একেবারে আন্তর্জাতিক নিয়মনীতি মেনে সাড়ে সাত কিলোমিটার হাঁটতে হবে। তাও একঘণ্টার কম সময়ে শেষ করা যাবে না। ভোর পাঁচটায় রিপোর্টিং, ছয়টায় শিলচর ট্রাঙ্ক রোডে রোটারি ক্লাবের সামনে থেকে শুরু হবে প্রতিযোগিতা। ট্রাঙ্ক রোড, ক্যাপিটাল পয়েন্ট হয়ে রাঙ্গিরখাড়িতে গিয়ে ফিরে আসবে অম্বিকাপট্টি, বিবেকানন্দ রোড, আসাম রাইফেলস রোড হয়ে ক্লাব ভবনে।
বরাক উপত্যকায় এর আগে হাঁটা প্রতিযোগিতা বহুবার হলেও ওয়াকাথন হতে চলেছে এই প্রথম। শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ক্লাবের সভাপতি, বিশিষ্ট আইনজীবী দেবাশিস সোম। তিনি আগ্রহীদের অনলাইনে নাম নথিভুক্ত করার অনুরোধ জানান। বলেন, সেজন্য কোনও ফি লাগবে না। সেইসঙ্গে ঘোষণা করেন এটি প্রাইজমানি ইভেন্ট। পুরুষ ও মহিলা দুই বিভাগেই ৫০০০, ৩০০০ ও ২০০০ টাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হবে।

ক্লাবের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর তৈমুর রাজা চৌধুরী জানান, ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি পল পি হ্যারিসের মূল উদ্যোগে চার বন্ধু মিলে রোটারি ক্লাব গঠন করেন। তা এখন পল্লবিত হয়ে ২০০ দেশ জুড়ে ৪৬০০০ শাখায় ছড়িয়েছে।
প্রজেক্ট চেয়ারম্যান গৌরব পাল ওয়াকাথনের ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, ১৮ ঊর্ধ্ব যে কেউ প্রতিযোগিতায় নাম লেখাতে পারবেন। তবে হাঁটার প্রতিযোগিতায় দৌড়নো চলবে না। স্থানে স্থানে চেকপয়েন্ট থাকবে, সেখান থেকে কুপন সংগ্রহ করে এনে বিচারকদের হাতে জমা দিতে হবে। যাঁরাই নিয়ম মেনে প্রতিযোগিতা সম্পন্ন করবেন, সবাইকে শংসাপত্র দেওয়া হবে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরেক প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর চিরঞ্জিত ঘোষ, শিলচর রোটারি ক্লাবের সম্পাদক ডা. ধ্রুব জ্যোতি নাথ, প্রাক্তন সভাপতি রামানুজ গুপ্ত, রোটারেক্ট ক্লাবের সভাপতি উপমা দাস, হবু সভাপতি পঙ্কজ কান্তি সিনহা, একে চন্দ আইন মহাবিদ্যালয় ইউনিটের সভাপতি অঙ্কিতা চৌধুরী এবং শ্রীকোণা আরসিসির সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।



