Barak UpdatesHappeningsBreaking News
সুস্থ থাকার বার্তা দিয়ে হাইলাকান্দিতে যাত্রা শুরু নতুন যোগ কেন্দ্রের

ওয়ে টু বরাক, ৩ আগস্ট : নীরোগ থাকতে হলে যোগের বিকল্প নেই। শরীর মন সুস্থ রাখতে যোগাভ্যাসের প্রয়োজনীয়তা রয়েছে। এ কথা মাথায় রেখে হাইলাকান্দি শহরে জন্ম নিল আরেকটি যোগ প্রশিক্ষণ কেন্দ্র। “নিগমানন্দ যোগ কেন্দ্র” নামের এই যোগ কেন্দ্রটির যাত্রা শুরু হলো রবিবার। এ উপলক্ষে এদিন হাইলাকান্দির রোটারি ক্লাবের প্রেক্ষাগৃহে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতে উপস্থিত বিশিষ্টজনের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় নয়া এই যোগ কেন্দ্রের। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পতঞ্জলি যোগ সমিতির সভাপতি পরিমল পাল, পতঞ্জলি যোগব্যায়াম কেন্দ্রের কর্ণধার তথা যোগ শিক্ষক অপু পাল, অসম সাহিত্য সভার কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির সদস্য সাংবাদিক অনিন্দ্য কুমার নাথ, যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিত নাথ, বিশিষ্ট যোগশিক্ষক অমিত পাল, রঞ্জন দেবনাথ, যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উপ-সভাপতি শিবতোষ কংসবণিক, মহিলা পতঞ্জলির জেলা প্রভারী কবিতা সরকার, বিজয় লক্ষ্মী সিনহা, নিগমানন্দ যোগ কেন্দ্রের কর্ণধার মিতালী গোস্বামী ভট্টাচার্য, জেলা টাইকোয়ান্ডো সংস্থার সাধারণ সম্পাদক রাজু চক্রবর্তী, জেলা স্বাধীনতা সংগ্রামী সংস্থার প্রাক্তন সভাপতি ত্রিদিবেশ ভট্টাচার্য, হাইলাকান্দি চিলড্রেন হোমের সুপারিনটেনডেন্ট আসাউর রহমান চৌধুরী, যোগ শিক্ষক রোহিত চৌধুরী, রাজদীপ চন্দ, শুভঙ্কর ভট্টাচার্য প্রমুখ।

প্রদীপ প্রজ্জ্বলন শেষে সবাইকে গামছা দিয়ে বরণ করেন নিগমানন্দ যোগ কেন্দ্রের কর্ণধার মিতালী গোস্বামী ভট্টাচার্য। পরে প্রত্যেক বক্তাই যোগাভ্যাসের ওপর গুরুত্ব দিয়ে বলেন, শরীর সুস্থ রাখতে একমাত্র উপায় প্রতিদিন অন্ততপক্ষে আধঘন্টা হলেও ব্যায়াম করা। বাড়িতে অভিভাবকরা যাতে সন্তানদের প্রতিদিন অন্ততপক্ষে আধ ঘন্টা নিয়মিত করে যোগাভ্যাস গড়ে তুলতে পারেন সেই আবেদন রাখেন। মহৎ চিন্তাধারাকে সামনে রেখে হাইলাকান্দিতে নিগমানন্দ যোগ কেন্দ্র নামে আরেকটি যোগ ব্যায়াম কেন্দ্র চালু হওয়ায় এটির কর্ণধার এতদঅঞ্চলের বিশিষ্ট যোগ শিক্ষিকা মিতালী গোস্বামী ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করেন সবাই। বলেন, আজকের দিনে এধরনের একটি কেন্দ্র চালু করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। কারণ, প্রত্যেক ব্যক্তিকে নিরোগ থাকতে যোগই একমাত্র সহায়ক। যোগের বিকল্প নেই। এই কেন্দ্রের শ্রীবৃদ্ধি কামনা করেন বক্তারা।
যোগ শিক্ষিকা তথা নিগমানন্দ যোগ কেন্দ্রের সত্বাধিকারী মিতালী গোস্বামী ভট্টাচার্য জানান, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে আজ। সেই শৈশবকাল থেকেই যোগের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ শিক্ষিকা হিসেবে কাজ করে ছাত্র ছাত্রীদের যোগের প্রতি আকৃষ্ট করেছেন। বর্তমানে চিলড্রেন হোমে যোগ শিক্ষিকা পদে কর্মরত। ফলে নিজে থেকে একটি যোগ ব্যায়াম কেন্দ্র খোলার তাঁর ইচ্ছা রবিবার বাস্তবায়িত হলো বলে মনে করেন তিনি। আর এজন্য তাঁর স্বামী কংগ্রেস নেতা শুভঙ্কর ভট্টাচার্য সহ সবার সহযোগিতা-অনুপ্রেরণা পেয়ে নিগমানন্দ যোগ কেন্দ্র খুলতে পেরেছেন বলে জানান মিতালী।
উল্লেখ্য, এই যোগা সেন্টারে প্রতিদিন বিকেল ৪:৩০ মিনিট থেকে ক্লাস শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখানে যেকোনও বয়সের ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন।



