India & World UpdatesHappeningsBreaking News

সুপ্রাচীন গণতান্ত্রিক ঐতিহ্য ও দেশভাগের কথা স্মরণ করালেন রাষ্ট্রপতি মুর্মু

ওয়েটুবরাক, ১৫ আগস্ট: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে ভারতের সুপ্রাচীন গণতান্ত্রিক ঐতিহ্যের কথা স্মরণ করালেন। রাষ্ট্রপতির কথায়, ‘‘বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের ভূমি হল ভারত।’’ দেশকে ‘গণতন্ত্রের জননী’ সম্বোধন করে রাষ্ট্রপতি বলেন, ‘‘স্বাধীনতা পাওয়ার পরে আমরা এমন গণতন্ত্রের পথে এগিয়েছিলাম, যেখানে সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছিল। অনেক গণতান্ত্রিক ব্যবস্থায় লিঙ্গ, ধর্ম এবং অন্য অনেক বিষয়ের ভিত্তিতে ভোটাধিকারে নিষেধাজ্ঞা থাকত। আমরা তা করিনি।’’

দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রশংসা করে রাষ্ট্রপতি প্রথমেই বলেন যে, ‘‘সংবিধানের ভিত্তিপ্রস্তরের উপরে আমাদের গণতন্ত্রের ভবন নির্মিত হয়েছে। আমরা গণতন্ত্রের উপরে নির্ভরশীল এমন সব সাংবিধানিক সংস্থা তৈরি করেছি, যাতে আমাদের গণতান্ত্রিক কার্যশৈলী মজবুত হয়েছে।’’

রাষ্ট্রপতির ভাষণে দেশভাগের কথাও উঠে এসেছে বৃহস্পতিবার। ১৪ আগস্ট যে হেতু দেশ ভাগ হয়ে পাকিস্তান জন্ম নেওয়ার তারিখ, তাই রাষ্ট্রপতি মুর্মু বলেন, ‘‘এই দিনটিকে আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করি। দেশভাগের ফলে ‘ভয়াবহ হিংসা’ এবং ‘লক্ষ লক্ষ মানুষের উদ্বাস্তু হওয়া’র কথা রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে। তাৎপর্যপূর্ণ ভাবে দেশভাগকে তিনি ‘ইতিহাসের ভুল’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘‘ইতিহাসের ভুলগুলির শিকার হওয়া মানুষদের আজ আমরা শ্রদ্ধা জানাচ্ছি।’’

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, ‘‘আমি নিশ্চিত যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতার লড়াইয়ের দৃষ্টান্ত হিসেবে অপারেশন সিঁদুর ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।’’

রাষ্ট্রপতি মুর্মু বৃহস্পতিবার সন্ধ্যায় ৬.৫ শতাংশ আর্থিক বৃদ্ধির হারের কথা উল্লেখ করে বলেছেন, ‘‘বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে ভারতীয় অর্থনীতি সবচেয়ে দ্রুত হারে বাড়ছে।’’ ভারত ‘আত্মনির্ভর রাষ্ট্র’ হওয়ার পথে অনেক দূর এগিয়ে গিয়েছে বলে মন্তব্য করে রাষ্ট্রপতি দেশের আর্থিক নীতির প্রশংসা করেছেন।

তাঁর ভাষণে উঠে এসেছে দেশের পরিকাঠামো উন্নয়নের কথা। রেল, মেট্রোরেল, সড়ক পরিবহণ, শহরগুলির পরিকাঠামো উন্নয়ন-সহ নানা ক্ষেত্রে কী কী কাজ হচ্ছে, তার কথা রাষ্ট্রপতির মুখে শোনা গিয়েছে। কেন্দ্রীয় সরকার যে সব সামাজিক সুরক্ষা প্রকল্প চালাচ্ছে, সে সবের কথাও রাষ্ট্রপতি উল্লেখ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker