India & World UpdatesHappeningsBreaking News
সাইপ্রাসে গিয়ে তুরস্কের পাকিস্তান সমর্থনের জবাব দিলেন মোদি

ওয়েটুবরাক, ১৮ জুন : সাইপ্রাসে গিয়ে পাকিস্তানের ‘বন্ধু’ তুরস্ককে বড় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নিকোসিয়ায় সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেসের সঙ্গে লেফকোসিয়া টাউন হলের ছাদে দাঁড়িয়ে ছবিও তোলেন।
দীর্ঘদিন ধরেই তুরস্কের সঙ্গে শত্রুতা রয়েছে সাইপ্রাসের। সংশ্লিষ্ট মহলের মতে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পরে যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক এবং ভারতে হামলা চালাতে তুরস্কের পাঠানো ড্রোন ব্যবহার করেছিল ইসলামাবাদ, সেই আবহে মোদির ছবি কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরে মোদি বলেছেন, ‘এটা যুদ্ধের যুগ নয়।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে লড়াই করছে, তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। পরবর্তীতে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে ভারত এবং সাইপ্রাস। যারা এরকম হামলা চালাবে, তাদের মূল্য চোকাতে হবে বলেও জানানো হয়েছে।



