Barak UpdatesAnalyticsBreaking News
শিলচরে বিজেপির টিকিট চাইলেন গোপাল রায়ও

ওয়ে টু বরাক, ৩১ ডিসেম্বর : ছাব্বিশের বিধানসভা ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই রাজ্যের শাসকদল বিজেপির অন্দরে টিকিটের উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিলচর বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যে দলের বহু হেভিওয়েট প্রার্থী মনোনয়ন প্রত্যাশায় জমা দিয়েছেন তাদের বায়োডাটা। এবার সেই দৌঁড়ে শামিল হলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপাল রায়। এই প্রথম তিনি বায়োডাটা জমা দিলেও বহু আগে থেকেই নীরবে নিজের ভিত মজবুত করতে রয়েছেন ময়দানে। দলীয় টিকিটের প্রতিযোগিতায় বাজিমাত করতে তলে তলে তদ্বির চালিয়ে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দলের কাছাড় জেলা সভাপতি রূপম সাহার হাতে জমা দিয়েছেন তার বায়োডাটা। দলের পুরনো ও পোড়খাওয়া কর্মী গোপাল রায় আগন্তুক বিধানসভা নির্বাচনে টিকিট দাবি করা স্বাভাবিক। ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে ১৯৯৬ সালে বিজেপিতে যোগদান করেন তিনি।
২০০২ সালে ভারতীয় জনতা যুব মোর্চার শিলচর শহর মণ্ডলের সম্পাদক, ২০০৭ সালে একই মণ্ডলের যুব মোর্চার সভাপতি পদে এবং ২০১০ সালে জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হন তিনি। দক্ষতার ধারাবাহিক ভাবে দলের বিভিন্ন পালন করে ২০২১ সালে জেলা বিজেপির সহ সভাপতি এবং বর্তমানে জেলা সাধারণ সম্পাদক পদে দলের উদীয়মান এই নেতা। ২০০৯ সালে দলীয় মনোনয়নে শিলচর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হন তিনি।
শুধু রাজনৈতিক ক্ষেত্র নয়, সামাজিক সাংস্কৃতিক কাজকর্মেও অগ্রণী ভূমিকা থাকা গোপাল রায় শিলচরের বহু নামডাক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে রয়েছেন যুক্ত। শৈশব থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত গোপাল রায় উচ্চ শিক্ষিতও বটে। রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই নেতা বর্তমানে আইনের ছাত্র। তিনি খুব নীরবে দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখছেন। দীর্ঘদিনের বিজেপির একনিষ্ঠ কর্মী হওয়ার সুবাদে দলীয় জনসমর্থন রয়েছে।


