Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে এবারও হবে দুদিনের গানমেলা

ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর: বর্ষশেষের রাতে শিলচরের পথে-ঘাটে, হোটেলে সংস্কৃতির নামে যে বেলেল্লাপনা চলে তা থেকে নাগরিকদের দূরে রাখতে শহরের দুটি পরিচিত সাংস্কৃতিক সংস্থা সমকাল ও স্বরলিপি জোট বেঁধেছিল আজ থেকে পনের বছর আগে। শুরু করেছিল গানমেলা —- বাংলা গানের অনুষ্ঠান। প্রতিবছর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে শুধুই গান। মেলা প্রাঙ্গণে খাদ্য ও অন্যান্য স্টলগুলোও দর্শকদের আকৃষ্ট করে। যথারীতি এবারও গানমেলা কমিটি গানমেলার প্রস্তুতিতে ব্যস্ত।
অন্যান্যবারের মত এবারও শিলচর জেলা ক্রীড়া সংস্থার অফিসের সম্মুখে হবে অনুষ্ঠান। এরমধ্যে মেলার স্টলগুলোর বন্দোবস্ত দেওয়া হয়ে গেছে। শিল্পী তালিকাও প্রায় চূড়ান্ত।
এবার গৌরীপ্রসন্ন মজুমদার, সলিল চৌধুরী, ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ। তাঁদের স্মরণে বিশেষ অনুষ্ঠান হবে। এছাড়া জি টিভি খ্যাত স্বর্ণালী আচার্য, স্টার জলসা খ্যাত দেবরাজ দাস এবং শিলচরের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। প্রতিবছরের মত এবারও ৩১ ডিসেম্বর পুরনো কাপড় বিতরণ হবে। গানমেলা কমিটি ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সকাল থেকে রাত সঙ্গীতপ্রেমীদের জেলা ক্রীড়া সংস্থার সম্মুখে গানমেলায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে।



