Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের চিত্তরঞ্জন অ্যাভিনিউ ডাকঘর বন্ধ করায় ক্ষোভ

ওয়েটুবরাক, ২০ আগস্ট: গত ১৬ আগস্ট, স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন হঠাৎ করে কোনও বিজ্ঞপ্তি জারি না করেই শিলচর নগরের ‘চিত্তরঞ্জন অ্যাভিনিউ উপ ডাকঘর’ বন্ধ করে দেওয়া হয়। তাতে ওই অঞ্চলের জনসাধারণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। আগে এই ডাকঘরের পিন ছিল ৭৮৮০১২, পরবর্তীতে তা রাঙিরখাড়ি ডাকঘরের অধীনে হয় ৭৮৮০০৫।
এই ডাকঘরের সেবা পেয়ে আসছিলেন বিস্তৃত অঞ্চলের বহু প্রবীণ নাগরিক, গৃহিণী, গৃহকর্মী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, ছাত্র, ক্ষুদ্র সঞ্চয়ী, মাসিক আয় প্রকল্প ও সঞ্চয়ী। তাছাড়া ডাক সেবার অন্যান্য কাজও চলছিল। অকস্মাৎ এই পুরনো ডাকঘর বন্ধ করে দেবার কারণ কেউ জানেন না।
সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ, শিলচর, এক জরুরি ই-মেইল পাঠিয়ে কেন্দ্রীয় ডাক সেবা মন্ত্রী জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া, বিভাগীয় প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি, কাছাড়ের জেলা আয়ুক্ত, ডাক বিভাগীয় অন্যান্য প্রধান কর্মকর্তাদের কাছে আবেদন করেন যাতে এই ডাকঘর বহাল রেখে জনগণকে সেবা প্রদান করা হয়। এর প্রতিলিপি সাংসদের কাছেও পাঠানো হয়েছে। আবেদন পত্রে স্বাক্ষর করেছেন মঞ্চের পক্ষে নিহারেন্দু পুরকায়স্থ ( সভাপতি) ও অধ্যাপক দিলীপ কুমার দে ( সাধারণ সম্পাদক) ।



