Barak UpdatesAnalyticsBreaking News
শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে শিলচরে সরকারি সিভিল সার্ভিস কোচিং সেন্টার দাবি সায়ন্তনদের

ওয়ে টু বরাক, ৬ ফেব্রুয়ারি : শিলচর সার্কিট হাউসে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেন থাউজেন্ড সায়ন্তনের প্রতিনিধিরা। আলোচনা করলেন শিলচরে সরকারি সহযোগিতায় সিভিল সার্ভিস কোচিং সেন্টার খোলার বিষয়ে। এ দিন তারা বরাকের ছেলেমেয়েদের জন্য শিলচরে সরকারি সিভিল সার্ভিস কোচিং সেন্টার খোলার যৌক্তিকতা তুলে ধরলেন। বরাক উপত্যকার উচ্চ মেধাসম্পন্ন নিম্নবিত্ত, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাও যাতে সিভিল সার্ভিস পরীক্ষায় বসে কৃতকার্য হতে পারেন, সেজন্য সরকারি সহযোগিতায় এই ধরনের কোচিং সেন্টারের প্রয়োজন আছে বলে তারা মনে করেন।
থাউজেন্ড সায়ন্তনের প্রতিনিধিরা বলেন, মুখ্যমন্ত্রী অনেকদিন আগে বলেছিলেন শিলচরেও এই ধরনের কোচিং সেন্টার খোলা হবে। এছাড়াও অ্যাডভান্টেজ আসাম সামিটের পর আসামের বরাক অঞ্চলেও যেন বৃহৎ শিল্প আইটি কেন্দ্র স্থাপন হয় সেই বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। পাঁচগ্রামে সরকার প্রস্তাবিত বেম্বু টু মিথানল বৃহৎ ইন্ডাস্ট্রি দ্রুত বাস্তবায়নের বিষয়েও যেন অ্যাডভান্টেজ আসাম সামিটে প্রয়োজনীয় আলোচনা হয় তারও উল্লেখ করেছেন সায়ন্তনরা।
বুধবার সায়ন্তনদের সঙ্গে আলোচনাকালে কথা প্রসঙ্গে হাফলং হয়ে শিলচর গুয়াহাটি রাস্তার প্রসঙ্গ আসে। এ বিষয়ে মন্ত্রী বলেছেন, তিনি ওই রাস্তা দিয়ে এ বার আসবার সময় এই রাস্তার প্রসঙ্গে স্ব-উদ্যোগে মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন। এছাড়াও শিলচর পলিটেকনিক, নরসিং স্কুল সহ বেশ কিছু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত সামগ্রিক উন্নয়নের বিষয়েও মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সায়ন্তনরা। সার্কিট হাউজে মন্ত্রীর সঙ্গে আলোচনা কালে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও।



