Barak UpdatesHappeningsBreaking News
শান্ত হচ্ছে বরাক, ঝুঁকি নিয়েই চলছে ট্রেন

ওয়েটুবরাক, ৫ জুন: বরাক উপত্যকার নদীগুলি ক্রমে শান্ত হয়ে এসেছে। বিপদসীমার নীচে পৌঁছেছে জলস্তর। বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার বহু গ্রাম আজও জলের তলায়। জাতীয় সড়কের ওপর বিভিন্ন স্থানে জল জমে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকার তিন জেলাই। বিশেষ করে, শালচাপড়ায় জল থাকায় শিলচরে যানবাহন ঢুকতে পারছে না। দুই চাকা, তিন চাকার বাহন এবং হালকা গাড়ি ওই পথ ঝুঁকি নিয়ে অতিক্রমের চেষ্টা করলে জরিমানা করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঁচগ্রাম-শালচাপড়া অংশে ট্র্যাকের ওপর জল থাকলেও উত্তর-পূর্ব সীমান্ত রেল ঝুঁকি নিয়েই শিলচর থেকে ট্রেন চালাচ্ছে। তবে আগরতলা-শিলচর ট্রেন আজ বাতিল করা হয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তাঁর বরাক উপত্যকা সফরের দ্বিতীয় দিনে আজ শিলচর শহরের শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের বলেন, বন্যার্তদের সকলের কাছে ত্রাণসামগ্রী গিয়ে পৌঁছায়নি। স্বাস্থ্যসেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
আগামীকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা পরিদর্শন করবেন। পাথারকান্দিতে বাঁধ ভেঙে নদীর জল গ্রামের পর গ্রামে ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। কুশিয়ারার জল বাঁধ উপচে শ্রীভূমি শহরের বহু জায়গা প্লাবিত করেছে।



