Barak UpdatesHappeningsBreaking News
লক্ষ্মীপুরে কৌশিককে দরাজ সার্টিফিকেট পেগুর

ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর: লক্ষীপুরে স্কুল ছাত্রাবাসের উদ্বোধন করতে গিয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য, খনি ও বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায়ের প্রশংসা করে গেলেন শিক্ষা মন্ত্রী ড. রণোজ পেগু। তিনি বলেন, কৌশিক আমার অফিসে গেলে আমি তাঁর মুখের দিকে নয়, হাতের দিকে তাকাই আগে। কারণ লক্ষীপুরের উন্নয়ন বিষয়ে একগুচ্ছ দাবিপ্রস্তাব নিয়ে তিনি উপস্থিত হন।
বুধবার ফুলেরতলে ইউনিয়ন হাই স্কুলের বয়েজ হোস্টেলের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু। সঙ্গে ছিলেন কৌশিক রায়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর স্কুল ছাত্রাবাসের শিলান্যাস করেছিলাম, আজ হল উদ্বোধন। কৌশিক বলেই সময়মতো কাজ সম্পন্ন হয়েছে।

এর পরই তিনি লক্ষীপুরের বিজেপি বিধায়ককে প্রশংসায় ভাসান। ড. পেগু বলেন, “‘আমি সারা রাজ্য ঘুরে বেড়াই, সব বিধায়ককে নিয়ে কাজ করি। কিন্তু কৌশিক রায়ের মতো এলাকার প্রতি এত ভালবাসা আর কারও মধ্যে দেখি না।”
মন্ত্রী কৌশিক জানান, ইউনিয়ন হাই স্কুল লক্ষীপুরের একমাত্র ইংরেজি মাধ্যমের সরকারি বিদ্যালয়। বহু জনজাতি পরিবারের ছেলে দূরদূরান্ত থেকে এখানে পড়তে আসে। তাদের অনেকেরই ভাড়াঘরে থাকার সামর্থ থাকে না। সে জন্য জনজাতি কল্যাণ (সমতল) সঞ্চালকালয়ের মঞ্জুরীকৃত এক কোটি টাকায় এই ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে।



