Barak UpdatesHappeningsBreaking News
রাজ দাস যুব তৃণমূলের জেলা সভাপতি

ওয়েটুবরাক, ২৩ জুনঃ কাছাড় জেলা তৃণমুল যুব কংগ্রেস সভাপতির দলত্যাগের বেশ কয়েক মাস পর শূন্যস্থান পূরণ করল অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস। নতুন সভাপতি মনোনীত হলেন সোহন দাস (ওরফে রাজ) । রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব স্বাক্ষরিত নিযুক্তিপত্রে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা অসমের দলের পর্যবেক্ষক মলয় ঘটকের অনুমোদন ক্রমেই রাজকে কাছাড় জেলা তৃণমুল যুব কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে।
রাজ ২০০৭ সাল থেকে রাজনীতিতে জড়িত। সক্রিয় ভাবে মাঠে রয়েছেন ২০১৫ থেকে। তখন থেকেই সুস্মিতা দেবের স্নেহধন্য। দুইবার শহর যুব কংগ্রেসের সম্পাদকের দায়িত্ব পালন করেন। একবার মনোনাীত, দ্বিতীয়বার সাংগঠনিক নির্বাচনে সম্পাদক পদে জয়লাভ করেন। পরে ২০২১ সালে সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলে রাজও দলবদল করেন। এর পর অনেকেই অবশ্য কংগ্রেসে ফিরে গিয়েছেন। রাজ থেকে যান সুস্মিতা দেবের অনুগামী হিসেবেই।
এরই পুরস্কার লাভ করলেন শিলচর শহরের তৃণমূল কর্মী সোহন ওরফে রাজ। রাজ নিজেও এই পদপ্রাপ্তির জন্য সুস্মিতাকেই কৃতিত্ব দেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জেলা তৃণমূল সভাপতি রাজেশ দেবকেও।
রাজ বলেন, সুস্মিতা দেব-রাজেশ দেবের সঙ্গে আলোচনা ক্রমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনই হবে তাঁর প্রথম কাজ। এর পর শিলচর সহ কাছাড়ের মানুষের সমস্যা সমাধানে আন্দোলন গড়ে তুলবেন।



