Barak UpdatesHappeningsCultureBreaking News
রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র সঙ্গীত বাজানোর দাবি বরাক বঙ্গের

ওয়েটুবরাক, ৮ মে: রবীন্দ্র জয়ন্তীতে শহরের পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে দিনভর রবীন্দ্র সংগীত বাজানোর দাবি জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। বৃহস্পতিবার সংগঠনের কর্মকর্তারা এ নিয়ে জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট বহ্নিকা চেতিয়ার সঙ্গে কথা বলেন। এই দাবিতে প্রদান করা হয় এক স্মারকলিপিও। তাঁরা বলেন, “জনসাধারণের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য ও চেতনার বিকাশে এই বিশেষ দিনে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।” ম্যাজিস্ট্রেট চেতিয়া ইতিবাচক সাড়া দেন।
প্রসঙ্গত, কয়েক বছর আগেও রবীন্দ্র জয়ন্তীতে শহরের সরকারি অডিও সিস্টেমে রবীন্দ্র সংগীত বাজানো হতো। সে জন্য দাবি পেশের প্রয়োজন হতো না। কিন্তু আচমকাই তা বন্ধ হয়ে যায়। তাই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনকে এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কাছাড় জেলা সমিতির সম্পাদক উত্তমকুমার সাহা, সহ সম্পাদক শৈবাল গুপ্ত, আঞ্চলিক সমিতির সম্পাদক সুশান্ত কুমার সেন, কোষাধ্যক্ষ সুপ্রদীপ দত্তরায়, কার্যবাহী সদস্য রঞ্জিত চৌধুরী প্রমুখ।
এর আগে বুধবার তাঁরা শহরের মলগুলোতে গিয়েও রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র সংগীত বাজানোর অনুরোধ জানান। গোলদীঘি মল, ইম্পেরিয়াল মল, বিশাল মেগা মার্ট, ফ্যাশন সিটি, এম বাজার সব জায়গাতেই স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যায়।



