Barak UpdatesHappeningsCultureBreaking News

রবিবার এ মাসের নাটক নবারুণের ‘চোরাবালি’

ওয়েটুবরাক, ২৬ জুন: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা শাখার ধারাবাহিক কর্মসূচি ‘এ মাসের নাটক’-এ এবার প্রযোজনা মঞ্চায়ন করতে চলেছে শিলচরের অন্যতম সুপরিচিত নাট্য দল ‘নবারুণ’। ২৯ জুন রবিবার সন্ধে সাড়ে ছ’টা থেকে তারা পরিবেশন করবে নাটক ‘চোরাবালি’।

শিলচরের নাট্য আঙিনায় নবারুণ একটি সুপরিচিত নাম। বর্ষীয়ান অভিনেত্রী, নাটককার তথা নির্দেশক চম্পা ভট্টাচার্য এবার যে প্রযোজনাটি নিয়ে আসছেন, তা মূলত বর্তমান সময়ের অন্যতম একটি সঙ্কটের দলিল। সৌরভ হাওলাদারের গল্পের ভাবনা থেকে চম্পা নাট্যরূপ দিয়েছেন ‘চোরাবালি’ নাটকটির। নাটকের সারসংক্ষেপ নিয়ে বলতে গেলে, ছেলেমেয়েকে উচ্চশিক্ষিত কিংবা সুপ্রতিষ্ঠিত করতে অভিভাবকেরা দেশে-বিদেশে পাঠিয়ে দেন নিজের সন্তানকে। কিছুটা বুকে পাথর রেখেই স্বপ্ন সাকারের পেছনে ছুটতে হয় বাবা-মায়েদের। কিন্তু সবক’টি যাত্রাই কি সুখের হয়? কখনও হয়, আবার কখনও না। ‘চোরাবালি’ নাটকে এমন একটি পরিবারের কথাই উঠে আসবে। উঠে আসবে বয়সের ভারে ন্যুব্জ কিছু বাবা-মায়ের কথা। উঠে আসবে একটি পরিবারের গল্প। সেই গল্পের শেষের দিকে নিজের বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিল সন্তান। কিন্তু সত্যিই কি তাদের মুখে হাসি ফোটে? নাকি সেই চেষ্টা আরও কোনও গভীর সঙ্কটের ইঙ্গিত দেয়, এসব জানতে হলেই আগামী রবিবার দেখতে হবে নাটক ‘চোরাবালি’।

নাটকের মুখ্য এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খোদ নির্দেশক চম্পা ভট্টাচার্যকে। আর এক মুখ্য চরিত্রে অভিনয় করবেন সমরেন্দ্র দেব। এছাড়াও থাকবেন সিনিয়র অভিনেতা শান্তনুস্বরূপ রায়, নারায়ণ সরকার, অভিষেক ভট্টাচার্য, সায়নিকা রায়, তেজস রায়, সুশান্ত দাস, শক্তিপদ ভট্টাচার্য, সুবীর ভট্টাচার্য, সঞ্জয় দেবরায় এবং শংকর দাস।

নাটকের আলো ভাবনা ও রূপায়ণে রয়েছেন দেবজ্যোতি রায়। আবহে স্বর্ণদীপ দেব। রূপসজ্জায় সমরেন্দ্র দেব এবং মঞ্চ থাকবে সুবীর ভট্টাচার্যের। সংস্থার পক্ষ থেকে সুবীর ভট্টাচার্য জানালেন, নাটকটি সুন্দরভাবে নির্মাণে চেষ্টার ত্রুটি রাখছেন না তাঁরা। একটি সামাজিক ও বর্তমান সমস্যার কথা উঠে আসবে তাতে। যে সমস্যা আজকাল স্পর্শ করছে অনেক পরিবারকেই। সুবীর আশাবাদী, এই নাটকটি দেখে নিশ্চয়ই ভাল কিছু নিয়ে ফিরবেন দর্শকরা। তিনি সংস্কৃতিপ্রেমী ও নাট্যামোদিদের প্রযোজনাটি দেখার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker