India & World UpdatesHappeningsBreaking News

যোগ্যতার প্রমাণ করতে পারলেই ফের টিকিট, বিধায়কদের বললেন অমিত শাহ

ওয়েটুবরাক,  ৩১ ডিসেম্বর: পশ্চিমবঙ্গে দলের নেতাদের ‘হোমওয়র্ক’ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধায়কদের নিজ নিজ কেন্দ্রে আরও বেশি সক্রিয় হতে বললেন। সেই সঙ্গে কাজও বাড়াতে হবে বলে নির্দেশ দিলেন। এমনকি পুনরায় টিকিট পেতে হলে, আগে যোগ্যতা প্রমাণ করতে হবে বলেও জানিয়ে দিলেন শাহ।

দুই-তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখল করবে বলে একদিন আগেই হুঙ্কার দিয়েছিলেন শাহ। এদিন তিনি বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে ডাক পেয়েছিলেন ২০২৪ সালের নির্বাচনে বিজেপি-র পরাজিত প্রার্থীরাও। সেখানে শাহ জানান, বিধায়কদের নিজের নিজের নির্বাচনী এলাকায় আরও বেশি করে সক্রিয় হতে হবে। কাজ বাড়াতে হবে তাঁদের।

বিজেপি বিধায়কদের শাহ নির্দেশ দিয়েছেন, সপ্তাহে অন্তত চার দিন নিজের নির্বাচনী এলাকায় থাকতে হবে তাঁদের। ওই চারদিন রোজ কমপক্ষে পাঁচটি করে পথসভা করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ হিসেবে বিধায়ককে সামনে রেখেই সংশ্লিষ্ট এলাকায় যাবতীয় কর্মসূচি চালাবে বিজেপি। শাহ এদিন পরিষ্কার জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় টিকিট পেতে হলে আগামী দু’মাসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের।

 

এবার কলকাতার চারটি লোকসভাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহ। সেখানকার মণ্ডল এবং বুথস্তরের কর্মীদের ডেকে পাঠান তিনি। জানান, ওই চার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০টি অন্তত জিতে উপহার দিতে হবে দলকে। শাহ এদিন বলেন, “আপনারা যাঁরা কলকাতায় থাকেন, ভাবছেন নিরাপদ, আসলে নিরাপদ নন। অনুপ্রবেশ এবং দুর্নীতি যেরকম প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, আগামী দিনে অনুপ্রবেশের ধাক্কা এসে লাগবে কলকাতাতেও। ধাক্কা লাগলে, সেই চেহারা ভয়াবহ হবে। তার আগে সতর্ক হয়ে মাঠে নামুন। কোনও দ্বিধা, সংশয় রাখবেন না। বরং বুকের মধ্যে লিখে নিন, এবার সরকার আমাদের সরকার।”

 

রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে শাহ বলেন, “এই সরকারকে একেবারে সমূলে তুলে ফেলে দিতে হবে। নইলে এই রাজ্যকে রক্ষা করা সম্ভব নয়। যে মা-মাটি-মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল, এ রাজ্যের সেই মা-বোনেরা বিপন্ন, অসুরক্ষিত, মাটি দখল হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের হাতে। রাজ্য ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছেন মানুষ। তাই এই সরকারেক উপড়ে ফেলতে হবে।”

বিজেপি সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একাধিক বিধায়কের আসন বদলাতে পারে। সেই সঙ্গে প্রাক্তন সাংসদদেরও সক্রিয় হতে বলেন শাহ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া সকলকেই ডাকা হয়েছিল এদিনের বৈঠকে। তাঁদের একটা বড় অংশ বিধানসভায় প্রার্থী হতে পারেন বলে খবর। তাই নিজের এলাকার বাইরেও বিধানসভা এলাকার দায়িত্ব দেওয়া হতে পারে তাঁদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker