Barak UpdatesHappeningsBreaking News
ম্যানুস্ক্রিপ্টের ওপর সপ্তাহব্যাপী কর্মশালা জিসি কলেজে

ওয়েটুবরাক, ২৬ জুন: গত বুধবার গুরুচরণ কলেজের বি সি গুপ্ত মেমোরিয়াল সেন্ট্রাল লাইব্রেরিতে গুরুচরণ কলেজের ম্যানুস্ক্রিপ্ট রিসোর্স সেন্টারের উদ্যোগে “ম্যানাস্ক্রিপ্টোলজি অ্যান্ড প্যালাইয়োগ্রাফি” বিষয়ে সপ্তাহ ব্যাপী এক কর্মশালার উদ্বোধন হয়। অধ্যক্ষ ড.অপ্রতিম নাগের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক, গুরুচরণ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান তথা এই কর্মশালার বিশেষজ্ঞ ড. অমলেন্দু ভট্টাচার্য, কর্মশালার সমন্বয়ক অধ্যাপক সমর্পণ নাথ, সহযোগী সমন্বয়ক ড. কেশব লুইটেল, বি সি গুপ্ত মেমোরিয়াল সেন্ট্রাল লাইব্রেরির গ্রন্থাগারিক ড. সাহানারা বেগম চৌধুরী প্রমুখ।
এ দিন ড.সাহানারা বেগম চৌধুরীর স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ বি সি গুপ্ত মেমোরিয়াল সেন্ট্রাল লাইব্রেরির পূর্ব গ্রন্থাগারিক ড. উৎপল দাস ও বাংলা বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান ড. অমলেন্দু ভট্টাচার্যের উদ্যোগে এই লাইব্রেরিতে ম্যানুস্ক্রিপ্ট রিসোর্স সেন্টারের যাত্রাপথের ইতিহাস তুলে ধরে সপ্তাহ ব্যাপী এই কর্মশালার সাফল্য কামনা করেন।
ড. অমলেন্দু ভট্টাচার্য প্রাচীন ঐতিহ্য পরম্পরা ও সাহিত্য সমাজ সংস্কৃতির ঐতিহাসিক ধারাবাহিকতা অনুধাবনের জন্য ম্যানুস্ক্রিপ্ট পাঠের গুরুত্ব সম্বন্ধে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। ড. কেশব লুইটেলের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী গ্রন্থাগারিক অন্তরা দেব। পরবর্তী পর্যায়ে এই সপ্তাহ ব্যাপী কর্মশালার প্রায়োগিক পর্বের সূচনা হয়। ড. অমলেন্দু ভট্টাচার্য ছাড়াও এই কর্মশালায় রয়েছেন আরেক বিষয় বিশেষজ্ঞ ড. শ্যামানন্দ চৌধুরী। এদিনের অনুষ্ঠানে বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা, গবেষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।



