NE UpdatesHappeningsBreaking News
মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ! নিহত বহু

ওয়েটুবরাক, ৬ ফেব্রুয়ারি: মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার থানসকু এলাকায় একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। আধিকারিকেরা জানিয়েছেন, বেশ কয়েকজন শ্রমিক এখনও খনির ভিতরে আটকে রয়েছেন। দুর্ঘটনার পরপরই তাঁদের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে টেলিফোনে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সব ধরনের কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দেন।
জেলা পুলিশ প্রধান বিকাশ যাদব জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত খনিটি। ফলে ওই অঞ্চলে পৌঁছানো কঠিন। ওই প্রতিকূলতা কাটিয়ে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলগুলি ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ সুপারের সন্দেহ, “অবৈধ স্থানে খনন কার্যের জন্য বিস্ফোরণটি ঘটে। তবে বিষয়টি তদন্ত ও তদন্তাধীন রয়েছে।’’
গত বছরের ডিসেম্বরে, একই জেলার একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত হন। তখন মেঘালয়ের মানবাধিকার কমিশন হস্তক্ষেপ করে এবং হাইকোর্ট নিযুক্ত একটি মনিটরিং কমিটি তদন্ত করে। চলতি বছরের জানুয়ারিতেও পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের উমথে গ্রামে একটি অবৈধ কয়লা খনিতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলটি সিল করে দিয়েছে এবং মৃত্যুর আশেপাশের পরিস্থিতি নিয়ে তদন্ত করে।



